বাংলা ভাইয়ের দুই ‘সহযোগী’সহ চট্টগ্রামে ৩ ‘জঙ্গি’ আটক
জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে চট্টগ্রামে সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ, যাদের দুজনকে জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সহযোগী বলা হচ্ছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে জুলফিকার আলী (৪০) ও মো. আলাউদ্দিন (৩১) নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার মসজিদ্দা এলাকায়।
আর রাউজানের বাসিন্দা মহিবুল আলমকে (৩০) হিযবুত তাহরীরের সদস্য বলছে পুলিশ।
গত ১০ জুন থেকে শুরু হওয়া পুলিশের এই অভিযানে চট্টগ্রাম জেলা ও নগরীতে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই প্রথম জেলায় কোনো সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তারের কথা পুলিশের পক্ষ থেকে জানানো হল।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেপ্তার দুই জেএমবি সদস্য বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলাও আছে।”
জুলফিকার ও আলাউদ্দিন পরে আনসার উল্লাহ বাংলা টিমে যোগ দিয়েছিল বলে পুলিশ কমর্কর্তা মোস্তাফিজ জানান।
আর রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার মহিবুল আলম হিযবুত তাহরীরের কেন্দ্রীয় নেতা।
“রাউজানের ইয়ছিন নগর এলাকার বাসিন্দা হলেও তিনি নগরীর অক্সিজেন এলাকায় পরিবারসহ থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে শেরশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র মহিবুল ২০১৩ সালে একবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে ছাড়া পেয়ে আবারও তিনি রাউজান ও বন্দরনগরীতে হিযবুত তাহরীরকে সংগঠিত করার কাজ শুরু করেন বলে ওসির ভাষ্য।
তিনি বলেন, “শেরশাহ এলাকা থেকে মহিবুলকে গ্রেপ্তারের পর নগরীর অক্সিজেন ও ইয়াছিননগরে তার বাড়িতে অভিযান চালানো হয়। তার ইয়াছিন নগরের বাড়িতে ৬৫০টি সরকারবিরোধী লিফলেট পাওয়া গেছে।”
মহিবুলকে আদালতে পাঠিয়ে ১০দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানান ওসি।
এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু চট্টগ্রামে খুন হওয়ার পর গত ১০ জুন সারা দেশে পুলিশের এই জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়।
এ পর্যন্ত গ্রেপ্তার হাজারখানেক লোকের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও জামায়াত-শিবিরের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে বলে পুলিশের তথ্য।
