২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় বিড়ম্বনা বন্ধে মহাসড়কে ‘কঠোর’ থাকবে পুলিশ

ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা বন্ধে মহাসড়কে ‘কঠোর’ থাকার কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 07:56 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি।

যাত্রী হয়রানি বন্ধে পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলার কথাও জানান পুলিশ সুপার।

পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশে হাফিজ আক্তার বলেন, খালি রাস্তায় অতি দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে অনেক লোকের প্রাণহানি ঘটে।

“খালি রাস্তায় অনেকে গাড়ির গতি বাড়িয়ে দেন এবং হেলপাররা গাড়ি চালায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে গাড়ি চালানোর কারণেও অনেক দুর্ঘটনা ঘটে।”

গাড়ির গতি সংযত করে মহাসড়কে উল্টোপথে গাড়ি না চালানো এবং চালক ছাড়া অন্য কাউকে গাড়ি চালাতে না দিতে মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।

এছাড়াও যানবাহনে ডাকাতি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রোধে বাস ছেড়ে যাওয়ার আগে ভিডিও করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান।

যান চলাচল নির্বিঘ্ন করতে গাড়ির কাগজপত্র তল্লাশি বন্ধ থাকার কথা জানিয়ে হাফিজ আক্তার বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া রাস্তায় কোনো গাড়ি তল্লাশি করা হবে না। তবে কোনো ধরনের ‘আনফিট গাড়ি’ রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না।”

জেলার বাইরের গাড়ি প্রবেশ করতে না দেওয়ার জন্য মালিকদের দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার বলেন, রাস্তায় যদি যাত্রীদের পরিবহন সংকট না হয় তাহলে বাইরের কোনো গাড়ি প্রবেশ করবে না।

তবে রাস্তায় যাত্রীরা যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেলে পুলিশ বাইরের গাড়ি প্রবেশ করতে দেবে।

এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলেও পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

হাইওয়ে পুলিশ সদস্যদের সতর্ক করে পুলিশ সুপার হাফিজ বলেন, “আমার কাছে চাঁদাবাজির অনেক অভিযোগ আসছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে পার্কিং করে রাখা গাড়ি পুলিশ রেকার দিয়ে হেফাজতে নিয়ে যায় বলে মালিক-শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার যানচলাচলে বিঘ্ন না হলে এমন গাড়ি ‘টো’ না করারও আশ্বাস দেন।

রাস্তা ভাঙার বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগের প্রেক্ষিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন জানান, চট্টগ্রামের সিটি গেইট থেকে ফেনী পর্যন্ত এলাকার ঢাকামুখী রাস্তার সংস্কার পুরোপুরি শেষ হয়েছে।

এছাড়া চট্টগ্রামমুখী রাস্তার বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড এলাকাসহ মহাসড়কের ৬৭ কিলোমিটার এলাকা ঈদের আগেই পুরোপুরি সংস্কার হওয়ার আশ্বাস দেন সওজের এই প্রকৌশলী।

বৈঠকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশা চালাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান জানান পরিবহন সংশ্লিষ্টরা।

পুলিশ সুপার হাফিজ আক্তার রাস্তার সংস্কারের জন্য সওজ কর্মকর্তাদের জরুরি টিম রাখার আহ্বান জানানোর পাশাপাশি পুলিশ ও যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ন্ত্রণ কক্ষে জানাতে বলেন।

এই নিয়ন্ত্রণ কক্ষের কাজ তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর) প্রধান করে একটি কমিটি করা হবে, যাতে হাইওয়ে পুলিশ কর্মকর্তাদেরও রাখা হবে বলে জানান তিনি।

এছাড়া সারা দেশের মতো ঈদের তিনদিন আগে ও পরে পঁচনশীল দ্রব্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনো মালবাহী গাড়ি না চালাতে পরিবহন মালিকদের কাছে আহ্বান জানান পুলিশ সুপার।

বৈঠকে পরিবহন মালিক শ্রমিক নেতাদের পাশাপাশি পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।