হালিশহরে ছুরিসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে তিনটি ছুরিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
তারা হলেন- মোহাম্মদ আনোয়ার (২৮), সাদ্দাম হোসেন (২৬) ও মো. সেলিম (২৮)।
বুধবার গভীররাতে আগ্রাবাদ এক্সেস রোডের ছোটপুল এলাকার রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী।
তিনি বলেন, ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়া অবস্থায় তিনজনকে ছুরিসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য জানিয়ে পুলিশ কর্মকর্তা প্রণব বলেন, এর আগেও তারা ডবলমুরিং ও বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে।
