২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দাবিতে চবির কর্মকর্তাদের মানববন্ধন

চাকরির বয়সসীমা ৬৫ বছর করাসহ পাঁচ দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 08:14 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন শেষে ক্যাম্পাসে অফিসার সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কমকর্তারা।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কর্মসূচির সমর্থনে এই মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক রশীদুল হায়দার জাবেদ লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্য তিনি বলেন, সারা দেশের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দাবি অনুযায়ী চাকরির বয়সসীমা ৬৫ বছর করার পাশাপাশি বেতন স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করা হোক।

“টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বন্ধ হলে কমকর্তাদের আয় কমে আসবে, ব্যাহত হবে বেতন ধাপের ক্রমোন্নয়ন প্রক্রিয়া। তাই আমাদের চাকরি মেয়াদ ৬৫ করার পাশাপাশি বেতন স্কেল ও সিলেকশন গ্রেড অব্যাহত রাখার মাধ্যমে কর্মকর্তাদের হয়রানি দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।”

কর্মকর্তাদের অন্য চার দফা দাবি হলো বেতন কাঠামোয় রেজিস্ট্রার বা সমমান পদে দ্বিতীয় গ্রেডে, উপ-রেজিস্ট্রার বা সমমান পদে তৃতীয় গ্রেডে, সহকারী রেজিস্ট্রার বা সমমানের পদে ষষ্ঠ গ্রেডে এবং প্রথম শ্রেণীর কমকর্তাদের অষ্টম গ্রেডে বেতন নির্ধারণ করা।

দাবির পক্ষে ১৩ জুন অর্ধদিবস এবং ১৪ জুন মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন তিনি।

এর আগে চার দফা দাবিতে গত ৩০ মে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

চবি অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক খোকনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কমকর্তা উপস্থিত ছিলেন।