এসপিপত্নী হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
আবু নসুর গুন্নু (৪৬) ও শাহ জামান ওরফে রবিন (২৮) নামের গ্রেপ্তার ওই দুজনকে রোববার আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে চায় পুলিশ।
প্রায় ২৫ মিনিট শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম হারুণ-অর-রশিদ দুজনের সাত দিন করে হেফাজতের আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে অস্ত্র উদ্ধার এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও জড়িতদের সম্পর্কে জানতে রিমান্ডে আবেদন করা হয়।”
আবু নসুর গুন্নুর আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করলেও তা আদালতের সাড়া পায়নি। শাহ জামানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গত ৫ মে নগরীর ও আর নিজাম রোডে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করা হয় মিতুকে। তার স্বামী বাবুল চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় জঙ্গি দমনে বেশ কয়েকটি অভিযানে নেতৃত্বে ছিলেন।
সাম্প্রতিক অন্যসব হত্যাকাণ্ডের সঙ্গে ধরন মিলে যাওয়া এবং বাবুলের জঙ্গি দমন কাজের বিষয়টিকে কেন্দ্র করে পুলিশের ধারণা, জঙ্গিরাই এই পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করেছে।
হত্যাকাণ্ডের ছয় দিন পর গত শনিবার রবিনকে গ্রেপ্তার করা হয় নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে। হত্যাকাণ্ডের সময় একটি সিসি ক্যামেরার ভিডিওতে ধরা পড়া চিত্রে এক যুবকই রবিন বলে পুলিশের সন্দেহ।
তার আগে বুধবার চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয় একটি মাজার কমিটির সাধারণ সম্পাদক আবু নসুরকে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী বলে পুলিশ জানিয়েছে।
রিমান্ডের শুনানি পেছানোর আবেদন আদালতে জানিয়েছিলেন তার আইনজীবী শওকত হোসেন। রাষ্ট্রপক্ষের করা আবেদনটি দেখতে না পাওয়ার কথাও জানান তিনি।
আদালত তখন রিমান্ড চেয়ে করা আবেদনটি দেখতে নসুরের আইনজীবীদের ১০ মিনিট সময় দেন।
এরপর আবার শুনানি শুরু হলে পিপি ফখরুদ্দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে বলেন, “বাবুল আক্তার একজন ভালো পুলিশ অফিসার। তার প্রতি আক্রোশে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। এটি আলোচিত মামলা। শুধু দেশের নয় সারা বিশ্বের নজর এদিকে।
“এ ঘটনায় জড়িতরা যদি কেউ ছাড় পায়, তাহলে সাইলেন্ট কিলিং বেড়ে যাবে।”
আদালতে পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) শিল্পী রানী দেবনাথ বলেন, “ভিডিও ফুটেজে নিহত মিতুর পেছন থেকে এক যুবককে আসতে দেখা যায়। শাহ জামান সেই লোক বলে ধারণা করা হচ্ছে। সাদৃশ্যও আছে।
মাহমুদা আক্তার মিতু
আসামি পক্ষের আইনজীবী শওকত হোসেন বলেন, “জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা হচ্ছে। নসুরকে জজ মিয়া বানানোর চেষ্টা চলছে।
“হয়ত পুলিশের মধ্যেও উপরস্থ কোনো অফিসার বাবুল আক্তারকে পছন্দ করেন না। তারাই জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করছে।”
“আমরা বলেছিলাম, ৫ জুন সকালে নসুরের মোবাইলের কল লিস্ট চেক করে ডকুমেন্টসহ আদালতে জমা দেওয়া হোক। দেওয়া হয়নি,” বলেন তিনি।
জবাবে পিপি ফখরুদ্দিন বলেন, “দিব দিব। তদন্তের অনেক কিছু আছে যা প্রকাশ করা যায় না।”
নসুরের আরেক আইনজীবী এইচ এস আবুল হাসান বলেন, হাটাহাজারীর মুসাবিয়া দরবারের বিরোধ নিয়ে একাধিক মামলা করেও নসুরকে দমাতে না পেরে এ মামলায় ফাঁসানো হয়েছে।
“হেফাজতে নিলে নসুরের প্রাণনাশের আশঙ্কা আছে। ভুল তথ্য দিয়ে যারা তাকে গ্রেপ্তার করিয়েছে তাদেরও গ্রেপ্তার করা প্রয়োজন।”
