২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসপিপত্নী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা বদলানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 11:28 AM

Updated : 12 Apr 2022, 02:15 AM

চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (দক্ষিণ) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানিয়েছেন।

গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কাজী রকিব উদ্দিন এর আগে তদন্তের দায়িত্বে ছিলেন।

এর মধ্যে এ মামলায় গ্রেপ্তার আবু নসুর গুন্নু ও শাহ জামান ওরফে রবিন নামে দুজনকে রোববার আদালতে নেওয়ার কথা রয়েছে।

তার আগে মামলার তদন্ত কর্মকর্তা পাল্টানো হলো।

গত রোববার সকাল পৌনে ৭টায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে নগরীর জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন চট্টগ্রামে জঙ্গি দমনে বেশ কয়েকটি অভিযানে নেতৃত্বদাতা পুলিশ কর্মকর্তা বাবুলের স্ত্রী মিতু। তাকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়।

পরে ওই এলাকার কয়েকটি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ডের আগে পুলিশ সুপারের স্ত্রী মিতু তার সন্তানকে নিয়ে ওআর নিজাম রোড থেকে বের হওয়ার পর এক যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে হত্যাকাণ্ডস্থলের দিকে এগিয়ে যায়।

রাস্তার অপর প্রান্ত দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলে যাওয়া ওই লোককে শাহ জামান (২৮) বলে ধারণা করছে পুলিশ।

হত্যাকাণ্ডে সন্দেহভাজন অংশগ্রহণকারী হিসেবে তাকে শনিবার নগরীর বায়েজিদ বোস্তামীর শীতল ঝর্ণা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার হাটহাজারী থেকে আবু নসুর গুন্নুকে গ্রেপ্তার করা হয়। তাকে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী বলেছে পুলিশ।

পুরনো খবর:

এসপিপত্নী হত্যায় জড়িত সন্দেহে যুবক গ্রেপ্তার
মিতু হত্যা: ছোরাসহ আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে মামলা