২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালভার্টের নিচে যুবকের আধপোড়া লাশ

চট্টগ্রামে খুলশীতে কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের আধপোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 01:08 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

শনিবার সকালে নগরীর আমবাগান কেন্টিন গেট এলাকায় পাহাড়ের ঢাল সংলগ্ন কালর্ভাটের নিচ লাশটি পাওয়া যায় বলে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে শিশুরা ক্রিকেট খেলার সময় বল ওই কালভার্টের কাছে গিয়ে পড়ে। বল আনতে গিয়ে তারা মরদেহটি দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

যুবকের শরীরের উপরের কিছু অংশ আগুনে পোড়া জানিয়ে ঘটনাস্থলে থাকা এসআই শাহজাহান বলেন, “খুনের পর লাশ আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছে।

“তবে এখানেই খুন করা হয়েছে, না অন্য কোথাও খুন করে এখানে লাশ ফেলা হয়েছে তা বলা যাচ্ছে না।”

নিহতের চোখ এবং বাম পাঁজরের নিচে আঘাতের চিহ্ন আছে।

ঘটনাস্থলে দেখা যায়, পাহাড়ি খালি ঢালু জায়গার পাশে ছোট পাকা সড়কে কালভার্টটির নিচ থেকে একটি পাকা নালা বেরিয়ে পাশের বড় নালায় গিয়ে পড়েছে।

কালভার্টের নিচে কিছু পোড়া কাপড় পাওয়া গেছে। এছাড়া পাকা নালা ধরে রক্তের ধারা ৮-১০ ফুট নেমে গেছে।