২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ সুপারশপকে জরিমানা

পঁচা মাছ-মাংস বিক্রি এবং কিছু পণ্যের বাড়তি দাম রাখায় চট্টগ্রামে আগোরা, স্বপ্ন, মীনাবাজারসহ পাঁচটি সুপারশপকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 08:16 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

শুক্রবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ডপ্রাপ্ত অন্য দুটি সুপারশপ হল খুলশি মার্ট ও দি গ্রোসার। এগুলোর প্রতিটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর প্রবর্তক মোড়ে সুপারশপ আগোরায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মর্জিমাফিক নির্ধারণ করা হয়েছিল।

“সেখানে কেজি প্রতি কাঁচা মরিচ ৮০ টাকা, বেগুন ৫৫ টাকা, টমেটো ৬৫ টাকা, খোলা চিনি ৬৩ টাকায় বিক্রি হচ্ছিল, যেখানে রিয়াজউদ্দিন বাজারে এগুলো যথাক্রমে ১৫, ২৫, ৩৫ ও ৫০ টাকায় বিক্রি হয়।”

এ অপরাধে আগোরাকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, পঁচা-বাসী মাছ ও মাংস বিক্রি করায় সুপারশপ ‘দি গ্রোসারকে’ এক লাখ টাকা জরিমানা করা হয়।

নগরীর মুরাদপুর এলাকায় সুপারশপ ‘মীনাবাজার’র আউটলেটে অতিরিক্ত দামে গরুর মাংস (৬৫০ টাকা কেজি) বিক্রি এবং পঁচা মধু ও মেয়াদোত্তীর্ণ ফেসওয়াস রাখায় তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।

খোলা বাজারের ৯০ টাকা কেজি দরের ছোলা ১০৫ টাকায় বিক্রি করায় নগরীর খুলশী এলাকার খুলশী মার্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে নগরীর গোলপাহাড় এলাকায় ‘স্বপ্ন’র আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে নগরীর পতেঙ্গার সীপোর্ট বাজারে আরেকটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাড়তি দাম রাখায় ২৮৫ কেজি সবজি জব্দ করে সাত প্রতিষ্ঠানকে ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম এ অভিযানে নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে নগরীর ফইল্যাতলী বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ প্রসাধনী, ভোজ্যতেল ও মশার কয়েল রাখায় পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া নগরীর বায়েজিদ এলাকার আতুরার ডিপো ও বিবির হাট এলাকায় মূল্য তালিকা না টাঙিয়ে পণ্য বিক্রি করায় ১৩ মুদি দোকানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রাহমান সানি।