হত্যার দায় সরকারকে দিয়ে লাভ নেই: ইনু
সাম্প্রতিক হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের অনেকে জড়িত দাবি করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তাই এজন্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এসব হত্যাকাণ্ড বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গত সাত বছর ধরে সরকার উৎখাতের নানান ষড়যন্ত্রের একটি অংশ।
এসব হত্যাকাণ্ডে জামায়াত-শিবির ও বিএনপির অনেকের জড়িত থাকার যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে দাবি করে তথ্যমন্ত্রী ইনু বলেন, “আগুন সন্ত্রাসের সময় আটক ৬০০ জনের মধ্যে ৯৯ ভাগই ছিল জামায়াত-বিএনপির কর্মী। তাই সরকারকে দোষারোপ করে লাভ নেই। এসব ঘটনা সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা থেকে করা হচ্ছে”।
তিনি বলেন, গুপ্তহত্যায় জামায়াত-বিএনপির জড়িত থাকার তথ্য-প্রমাণ আদালতে পেশ করা হচ্ছে।
হাসানুল হক ইনু দাবি করেন, রাজনৈতিক যে স্থিতিশীলতার ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটাকে নষ্ট করতেই এসব হামলার ঘটনা ঘটানো হচ্ছে।
এসব ঘটনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও দায়ী করে লাভ নেই বলে মনে করেন দলটির নেতৃত্বাধীন মহাজোটের শরীক জাসদের একাংশের সভাপতি ইনু।
“শেখ হাসিনার হাতে উন্নয়নের চাকিকাঠি আর খালেদা জিয়ার হাতে ষড়যন্ত্র ও রক্তের ছাপ, গায়ে মানুষ পোড়ানোর গন্ধ,” বলেন তিনি।
ইনুর অভিযোগ, খালেদা জিয়া ২০০৮ সালের সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে সরকার উৎখাতে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন গুপ্তহত্যায় লিপ্ত হয়েছেন।
বিএনপি চেয়ারপারসন ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে ‘আগুন সন্ত্রাসের’ নেতৃত্ব দিয়ে শতাধিক মানুষ পুড়িয়ে মেরেছেন অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, “সরকারকে দোষারোপের মাধ্যমে খালেদা জিয়া তার এসব কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছেন।”
খালেদা জিয়া ‘যেভাবেই হোক’ সরকার পতনের মধ্য দিয়ে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেন তিনি।
“এসব গুপ্তহত্যা প্রশ্নে বিএনপি রহস্যজনক বিবৃতি দিচ্ছে। গণতন্ত্রের প্রশ্নে, সংবিধানের প্রশ্নে তারা কখনও স্পষ্ট অবস্থান গ্রহণ করেনি। যে কোনো মূল্যে, যে কোনোভাবে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছেন জঙ্গীবাদের নেত্রী খালেদা জিয়া,” বলেন হাসানুল হক ইনু।
বিভিন্ন ধরনের অপরাধীরা বিএনপিতে ভিড় করছে মন্তব্য করে তিনি বলেন, “বিএনপি এমন একটা বিরোধী দল যেখানে যুদ্ধাপরাধী, সাধারণ অপরাধী, আগুন সন্ত্রাসী, ও জঙ্গিরা গিয়ে ভিড়েছে।”
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ও জাসদের চট্টগ্রাম জেলার নেতারা উপস্থিত ছিলেন।
