২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা শিল্পে দুর্ঘটনায় দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে, যেখানে কাজের পরিবেশ অনিরাপদ বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 10:04 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বার আউলিয়া এলাকায় মাহিন এন্টারপ্রাইজে বুধবার জাহাজ থেকে পড়া ‘শিকলের চাপায়’ এই দুই শ্রমিক মারা যান বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- আলমগীর (৪০) ও মোহাম্মদ আনিস (৩০)। দুর্ঘটনার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ডের শিপ ইয়ার্ড থেকে ওই দুজনকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার এসআই সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিপ ইয়ার্ড মাহিন এন্টারপ্রাইজে একটি জাহাজ থেকে বড় আকারে শিকল নিচে পড়ে গেলে তার নিচে চাপা পড়েন দুই শ্রমিক।

দুর্ঘটনার খবর পেলেও ওই শিপ ইয়র্ডে পৌঁছতে পারেননি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “প্রচণ্ড বৃষ্টির কারণে এখনও মাহিন এন্টারপ্রাইজে যেতে পারিনি। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছাব।”