২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে ব্যবসায়ীদের ‘অতি মুনাফার মনোবৃত্তি’ ছাড়ার আহ্বান

রমজান মাসে ‘অতি মুনাফা লুটের মনোবৃত্তি’ ত্যাগ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 08:45 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

মঙ্গলবার নগরীর বক্সিরহাট এলাকার আনসার ক্লাবে ন্যায্য মূল্যে এস আলম গ্রুপের চিনি ও ভোজ্যতেল বিক্রির এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মহিউদ্দিন চৌধুরী বলেন, “রমজানের মতো পবিত্র মাসে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে জিম্মি করে অতি মুনাফা লুটে নেওয়াটা অধর্মের পরিচায়ক।

“সাধারণত আমরা দেখি রমযান আসলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। ব্যবসায়ীরা রমযানের আগে থেকে মূল্যবৃদ্ধির প্রস্তুতি নিয়ে রাখে। এ প্রবণতা ধর্মীয় নৈতিকতা বিরোধী এবং ধর্ম ও সমাজকে কলুষিত করে।”

তাই ‌‘অতি মুনাফা লুটের মনোবৃত্তি’ প্রত্যাহারে ব্যবসায়ীদের আহ্বান জানান চট্টগ্রাম সিটির সাবেক এই মেয়র।

এস আলম গ্রুপের ন্যায্য মূল্যে চিনি ও ভোজ্যতেল বিক্রির পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে রোজাদারগণ উপকৃত হবেন। এ ধরনের উদ্যোগ ধর্মীর নৈতিকতাকে সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক এস এ সালাম লাবু ও খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ উপস্থিত ছিলেন।