‘মানুষ এখন সবচেয়ে বেশি অসহায়’
দেশের মানুষ অন্য যেকোনো সময়ের চেয়ে এখন বেশি অসহায়বোধ করছে বলে বক্তব্য এসেছে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুর আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর বলেন, “আমাদের ঘাড়ের ওপর যেন প্রতি মুহূর্তে একটি চাপাতি ভর করছে। এরকম অসহায়বোধ আমরা আগে কখনও করিনি।”
সারাদেশে জঙ্গিগোষ্ঠীর অব্যাহত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, “এরকম বাংলাদেশ আমরা চাইনি। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এমন একটি দল ক্ষমতায় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।
“একটি মানুষ যখন নিরাপদ বোধ করে না তখন সে সমাজকে সভ্য বলা যায় না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, রুখে না দাঁড়ালে এ বাংলাদেশ এমন আর থাকবে না।’’
‘চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজ ও সংস্কৃতিকর্মী’ ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন বলেন, পুলিশ সুপারের স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে, এটি কাপুরোষোচিত।
এক বছর ধরে ব্লগার, লেখক, মুক্তচিন্তার মানুষ, নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়া শুরু হলেও তা সম্পূর্ণ দূরীভূত হয়নি।”
তিনি হত্যাকাণ্ড ঘটানো প্রতিক্রিয়াশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহবান জানান।
সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়তে হবে।
তিনি সরকারকে দ্বিমুখী নীতি পরিহার করে মুক্তিযুদ্ধের চেতনায় থেকে জঙ্গি দমনের আহ্বান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নারীনেত্রী নুরজাহান খান, মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরী, বাকশিস সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, উদীচীর কেন্দ্রয় সহ-সভাপতি চন্দন দাশ, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরিফ চৌহান, ছাত্র ইউনিয়নের অটল ভৌমিক, ছাত্রফ্রন্টের পার্থপ্রতিম নন্দী বক্তব্য রাখেন।
