২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিলাসবহুল মিতসুবিশি গাড়ি জব্দ

চট্টগ্রামে একটি বিলাসবহুল মিতসুবিশি শোগান গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 07:56 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

গাড়িটি কারনেট সুবিধায় আনা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার নগরীর বায়েজিদ থানার পূর্ব নাসিরাবাদ গ্রিনভিউ আবাসিক এলাকার চার নম্বর সড়কের ৩২ নম্বর বাসা থেকে কালো রঙের গাড়িটি জব্দ করা হয়।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পর্যটকদের জন্য আন্তর্জাতিক সনদ অনুযায়ী দেওয়া ‘কারনেট ডি প্যাসেজ’ সুবিধায় শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি আনা হয়েছে।

“নুরুল আফসার নামের এক ব্যক্তি গাড়িটি এনেছেন। গাড়িটি দীর্ঘদিন ধরে ওই বাড়ির গ্যারেজে পড়ে ছিল।”

২০০২ মডেলের ৩২০০ সিসি ক্ষমতাসম্পন্ন গাড়িটির বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানান তিনি।।

আন্তর্জাতিক একটি সনদ অনুযায়ী যে সুবিধায় পর্যটকরা এক দেশ থেকে অন্য দেশে শুল্ক না দিয়েই গাড়ি নিয়ে ঢুকতে পারেন, তাকে ‘কারনেট ডি প্যাসেজ’ বলা হয়।

তবে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ দুই বা তিন মাসের জন্য এই সুবিধা পান পর্যটকরা। এতে তাদের সংশ্লিষ্ট দেশের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সদস্য হতে হয়।

নির্দিষ্ট সময় পর গাড়িটি ফেরত না গেলে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী এর ওপর শুল্ক আরোপ করা হয় বলে কর্মকর্তারা জানান।