ভ্রাম্যমাণ আদালত দেখে বিক্রেতার চম্পট
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পণ্য রেখে পালিয়েছেন কয়েকজন বিক্রেতা।
এসব বিক্রেতা পাইকারির তিনগুণ বেশি দামে পণ্য বিক্রি করছিলেন বলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানিয়েছেন।
মঙ্গলবার রোজার প্রথম দিন রিয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ি বাজারে অভিযানে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।আটক করা হয় সাত বিক্রেতাকে।
রিয়াজ উদ্দিন বাজারে আদালতের উপস্থিতি টের পেয়ে কবির সওদাগর নামের এক বিক্রেতা পালিয়ে যান। কবির পাইকারিতে ২৮ টাকায় কাঁচা মরিচ কিনে ১০০ টাকায় বিক্রি করছিলেন বলে আদালত নিশ্চিত হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবির সওদাগরের দোকান থেকে কাঁচা মরিচ ও শসা জব্দ করা হয়েছে।
কবির ছাড়াও এসময় আরও কয়েকজন বিক্রেতা সটকে পড়েন।
মূল্য তালিকা না টাঙ্গানো ও পাইকারির তিনগুণ বেশি দামে পণ্য বিক্রি করায় রিয়াজউদ্দিন বাজার থেকে দুইজন ও কাজীর দেউড়ী বাজার থেকে পাঁচ বিক্রেতাকে আটক করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট তাহমিলুর।
তাদের কাছ থেকে পাওয়া পণ্য কেনাবেচার তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
চট্টগ্রামের কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
“মূল্য তালিকা টাঙ্গানো, ক্রয়-বিক্রয়ের রশিদ ও পাইকারিতে কত দাম সেটার রশিদ রাখতে বলা হয়েছিল। তার কোনটাই ব্যবসায়ীরা রাখছেন না।”
দাম বেড়েছে আরও
এদিকে পাঁচদিনের ব্যবধানে আরেক দফা বেড়েছে বেগুন, কাঁচা মরিচ, পেঁয়াজ, ছোলা ও দেশি মুরগির দাম।
রিয়াজ উদ্দিন বাজার ও কাজীর দেউড়ি বাজারে গত শুক্রবার প্রতিকেজি বেগুনের খুচরা মূল ছিল ৪০ টাকা। মঙ্গলবার সেই বেগুন বিক্রি হয় ৬০ টাকায়।
তবে পাইকারিতে প্রতিকেজি বেগুন ৪০ টাকায় বিক্রি হলেও বাজারে ভ্রাম্যমাণ আদালত ঢোকার পর দাম নেমে আসে ২৮ টাকায়।
বিসমিল্লাহ বাণিজ্যালয়ের কর্মকর্তা শাহিন মিয়া বলেন, “আমরা পাইকারিতে প্রতি কেজি বেগুন ও কাঁচা মরিচ ২৮ টাকায় বিক্রি করছি। খুচরায় কেন বেশি বলতে পারব না।”
এদিন শসার দামও বাড়িয়ে দিয়েছেন খুচরা বিক্রেতারা। শুক্রবার প্রতিকেজি যে শসা ২০ টাকায় বিক্রি হয়েছে, প্রথম রোজার দিন তা ৪০ টাকা।
চট্টগ্রামের কাঁচা বাজারে অধিকাংশ দোকানেই দেখা মিলছে না পণ্যের মূল্যতালিকা
মঙ্গলবার প্রতি কেজি কাঁচা মরিচ মান ভেদে ৪০ টাকা থেকে শুরু করে ১০০ টাকায় বিক্রি হয়।
বেড়েছে পেঁয়াজের দামও। শুক্রবার ২০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ মঙ্গলবার বিক্রি হয় ২৫ থেকে ২৮ টাকায়। দেশি মুরগি গত শুক্রবার ৩৫০ টাকা কেজিতে বিক্রি হলেও এদিন বিক্রি হয় ৩৮০ টাকায়।
তবে গরুর মাংস আগের দামেই- প্রতিকেজি ৫৫০ টাকা (হাড় ছাড়া) ও ৪৫০ টাকায় (হাড়সহ) বিক্রি হচ্ছে।
রিয়াজউদ্দিন বাজারে আসা সরকারি চাকরিজীবী আবদুর রাজ্জাক বলেন, “রোজার আগে থেকে পরিকল্পিতভাবে দাম বাড়ানো হচ্ছে। রোজার প্রথম দিনে বাড়ল আরেক দফা।
“রোজা আমাদের মত নিম্ন মধ্যবিত্তদের জন্য সৌভাগ্য হতে পারছে না এসব অসাধু ব্যবসায়ীদের জন্য।”
