২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসপি বাবুলের স্ত্রী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

হত্যার প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেছে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ।

জঙ্গি দমনে বাবুল আক্তার যেভাবে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন সে জন্য তাকে থামাতে তার স্ত্রীর ওপর ‘কাপুরুষিত হামলা’ হয়েছে বলে মনে করছেন প্রতিবাদকারীরা।

ছাত্রলীগের মানববন্ধনের পর এক সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতা আনোয়ার হোসেন ও মাঈমুন উদ্দিন।

এতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় পরিষদের উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, “যে চট্টগ্রামে জন্য বাবুল আক্তার এত কিছু করেছেন, সে চট্টগ্রামের মাটিতে তার সহধর্মিনীর রক্ত ঝরবে- সেটা মেনে নেওয়া যায় না।”

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণে এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম।

যুব ইউনিয়নের চট্টগ্রাম শাখার সভাপতি রিপায়ন বড়ুয়া বলেন, রাষ্ট্রযন্ত্রের দেউলিয়াত্বের কারণে জঙ্গিগোষ্ঠী একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে, যার সর্বশেষ শিকার হলেন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অগ্রণী দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদ আক্তার মিতু।

অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

সমাবেশ শেষে যুব ইউনিয়নের একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে অন্যদের মধ্যে যুব নেতা সুব্রত ধর মিঠু, সাবেক যুব নেতা হাবিব বিপ্লব, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল হোসেন ও ছাত্র ইউনিয়ন নেতা শিমুল বৈষ্নব উপস্থিত ছিলেন।