চার কর্মকর্তার অপসারণ চেয়ে সিটিভি কার্যালয় ঘেরাও
অনিয়মের অভিযোগ তুলে ‘বিএনপি-জামায়াতপন্থি’ চার কর্মকর্তাকে অপসারণের দাবিতে সিটিভি (বিটিভি চট্টগ্রাম কেন্দ্র) ঘেরাও কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
সোমবার দুপুরে নগরীর জাকির হোসেন সড়কে অবস্থিত সিটিভি কার্যালয় ঘেরাও করে ঘণ্টাখানেক অবস্থান করেন তারা।
যে চার কর্মকর্তার অপসারণ চাওয়া হয়েছে তাদের মধ্যে সিটিভি’র বার্তা সম্পাদক নুরুল আজম পবন রয়েছেন। বাকিদের পূর্ণনাম ও পদবী তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব হোসেন সরওয়ার্দি বলেন, “বিএনপি-জামায়াতের দোসর মিঠু, কাজল, পবন ও মোহনের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সিটিভি দখল করে আছে।
“তারা চারজন মিলে গত সাত বছর ধরে সিটিভি’র সব সরকারি বরাদ্দ লুটপাট করেছে। সিটিভি’র বার্তা সম্পাদক পবন সুকৌশলে চট্টগ্রাম আওয়ামী লীগ ও চট্টগ্রাম থেকে মন্ত্রিত্ব পাওয়া কোনো মন্ত্রীর অনুষ্ঠান প্রচার করেন না।”
একটি কেন্দ্রে তিন বছর থাকার নিয়ম হলেও গত সাত বছর ধরে তারা কিভাবে সিটিভিতে কাজ করছে সে প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপি-জামায়াত প্রীতির কারণে তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সিটিভিতে প্রদর্শন করে না।
ফলে সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে চট্টগ্রামের মানুষ সম্যক অবগত নয় বলে জানান তিনি।
অবিলম্বে তাদের অপসারণ করা না হলে তাদের চারজনকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন হোসেন সরওয়ার্দি।
ঘেরাও কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম নগর শাখার সদস্য কাজী রাজেস ইমরান, সংগঠনের নেতা আশরাফূল আলম, হায়দার ইসলাম, আবু ছালেহ ও মিজানুর রহমান শিশির।
