চট্টগ্রামে শুরু জামদানি প্রদর্শনী ও মেলা
চট্টগ্রামে শুরু হয়েছে সাত দিনব্যাপী জামদানি প্রদর্শনী ও মেলা।
সোমবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে নগরীর মুসলিম হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলায় ২০টি স্টলে প্রদর্শিত হচ্ছে নারায়ণগঞ্জের জামদানি শিল্প এলাকায় উৎপাদিত জামদানি শাড়ি।
মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভার বক্তব্যে বিসিকের চেয়ারম্যান মো. হজরত আলী বলেন, দেশের বৈদেশিক মুদ্রা একটি বড় অংশের যোগান দিচ্ছে পোশাক খাত।
“তবে আমরা এখন আর শুধু বিদেশি প্রতিষ্ঠানের জন্য পোশাক উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা বিসিকের উদ্যোগে আন্তর্জাতিক বাজারে জামদানিকে ব্র্যান্ডিংয়ের চেষ্টা করছি, যা সফল হলে দেশের পোশাক শিল্পের চেহারাই পাল্টে যাবে।”
সভাপতির বক্তব্যে বিসিকের চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মেজবাহুর রহমান বলেন, জামদানি শিল্প বিকাশের জন্য বিসিকের উদ্যোগে ইতোমধ্যে নারায়ণগঞ্জে জামদানি শিল্প এলাকা গড়ে তোলা হয়েছে।
“বিএসটিআইর মাধ্যমে আমরা ইতোমধ্যে জামদানির একটা আদর্শমান নির্ধারণ করেছি। এখন জামদানির মেধাস্বত্ব পাওয়ার জন্য কাজ করছি। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে জামদানিকে জনপ্রিয় করার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।”
দেড় হাজার থেকে ৮৫ হাজার টাকা দামের শাড়িও উঠেছে মেলায়। নারায়ণগঞ্জ থেকে আসা ব্যবসায়ী গোলাম মাওলা একশটি শাড়ি নিয়ে এসেছেন। আশা করছেন বিক্রি ভালোই হবে।
গোলাম মাওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝখানে কয়েক বছর জামদানির বিক্রি কিছুটা কমলেও গত কয়েক বছরে বিক্রি অনেক বেড়েছে।
“সরকার আমাদেরকে বিশেষায়িত শিল্প এলাকা করে দেওয়ায় জামদানির উৎপাদন অনেক বেড়েছে। তবে এ খাতের বিকাশে আরও গবেষণা ও সরকারি বিনিয়োগ প্রয়োজন।”
“অনেকগুলো দেখে ছয় হাজার টাকা দিয়ে সাদা পাড়ের একটি শাড়ি কিনেছি। শাড়ির দাম একটু বেশি বলে মনে হচ্ছে।”
মেলায় সবচেয়ে দামী সোনালী রংয়ের সুতোয় বোনা ৮৫ হাজার টাকা দামের শাড়ি নিয়ে এসেছেন মো. সজিব।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনালী রংয়ের শাড়িটি বানাতে দুজন কারিগরের চার মাস সময় লেগেছে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনুপম সাহা, বিসিকের বিপণন মহাব্যবস্থাপক কাদের সরকার, প্যানেল মেয়র রেখা আলম।
