সংঘর্ষ-অগ্নিসংযোগের মধ্যে শেষ চট্টগ্রামের ইউপি ভোট
সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নির্বাচন বয়কটের মধ্যে দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন।
শনিবার চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া, মিরসরাই উপেজলার বিভিন্ন ইউনিয়নে ও পটিয়া উপজেলার একটি ইউনিয়নে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হয়।
এছাড়া বাঁশখালী উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও স্থানীয় সাংসদ ও চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠার পর নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
বেশ কয়েকটি উপজেলায় সংঘর্ষে আহত আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ারা, সাতকানিয়া ও মিরসরাই থেকে সংঘর্ষে আহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবাই ছররা গুলিতে আহত হয়েছে।
আহতদের মধ্যে আনোয়ারার পাঁচজন, সাতকানিয়ার দুইজন ও মিরসরাইয়ের একজন রয়েছেন বলে জানান তিনি।
এদিকে আনোয়ারার বারাসাত ইউনিয়নের মধ্যম দুধ কুমড়া এলাকায় নির্বাচনী সহিংসতায় দুইটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শনিবার মধ্যম দুধ কুমড়া এলাকায় ‘উচ্ছৃঙ্খল জনতার’ দেওয়া আগুনে দুইটি ঘর পুড়ে গেছে।
এই ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের একটি কেন্দ্রে সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রমজান আলী আহত হন।
প্রার্থী রমজান পুলিশের ছররাগুলিতে আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করলেও তা নাকচ করেন সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় মাটিতে পড়ে পায়ে আঘাত পেয়েছেন রমজান।”
এদিকে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনিরিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও আনোয়ারার পরৈয়কড়া ইউনিয়নের তালসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে ব্যালট পেপার ছিনতাই করায় উপজেলার পশ্চিম ঢেমশা ৭ নম্বর ওয়ার্ডের মুনিরিয়া ফোরকানিয়া মাদ্রাসার ভোট গ্রহণ স্থগিত করা হয়।
একই অভিযোগে আনোয়ারার পরৈয়কড়া ইউনিয়নের তালসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
কেন্দ্র দখলের অভিযোগে পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
তিনি বলেন, “ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টি আওয়ামী লীগ প্রার্থী দখল করে নিয়েছে।”
এছাড়াও লোহাগাড়া ও মিরসরাই উপজেলায়ও বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া গেছে।
