সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ: নোমান
নির্বাচন কমিশন ও জাতীয় সংসদসহ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শনিবার বিকালে নগরীর পাহাড়তলি পাঞ্জাবী লেইন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাহাড়তলি থানা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন, জাতীয় সংসদসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে।
“এ অবস্থা বেশিদিন চলতে দেওয়া যায় না। জনগণকে সম্পৃক্ত করে দেশ রক্ষায় গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলন কখনও ব্যর্থ হয় না। তবে অনেক সময় দীর্ঘায়িত হয়।”
প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের সমালোচনা করে নোমান বলেন, মন্ত্রী-এমপি ও সরকার দলীয় নেতাকর্মীদের জন্য দুর্নীতি ও লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে বাজেটে।
“বাজেটে মেগা প্রকল্পের নামে বিশাল অংকের বরাদ্দ রাখা হয়েছে। পরবর্তীতে সুকৌশলে দফায় দফায় এই প্রকল্পগুলোর খরচ আরও বৃদ্ধি করা হবে। উন্নয়নের নামে এসব মেগা প্রকল্পের বরাদ্দ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হবে।”
সাবেক মন্ত্রী নোমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুর্নীতি ও লুটপাটের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু ২০১৩ সালেই দেশ থেকে ৭০ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।
“বাংলাদেশ ব্যাংকের টাকা পাচারের সঙ্গে ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও সরকারের রাঘব বোয়ালরা জড়িত।”
পাহাড়তলি থানা বিএনপি আহ্বায়ক শামসুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, বিভাগীয় শ্রমিক দল সভাপতি এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, নগর যু্বদল সভাপতি কাজী বেলাল প্রমুখ।
