২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রমজানে ট্রাক-লরি চলবে রাতে

রমজানে যানজট কমাতে চট্টগ্রাম নগরীতে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পচনশীল ও জরুরি পণ্য ছাড়া লরি, ট্রাক, কভার্ড ভ্যান প্রবেশ নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 09:19 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

এছাড়া রোজার মাসে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো পণ্যবাহী যানবাহনকে না থামানোর জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে ট্রাফিক বিভাগের মতবিনিময় সভায় সিএমপি কমিশনার ইকবাল বাহার এই নির্দেশনা জারি করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে বের হওয়া ও প্রবেশ করা বিভিন্ন পণ্যবাহী যানবাহন রমজান মাসে টোল রোড দিয়ে শহরে ঢুকবে, বের হবে।

ঈদের তিনদিন আগে ও পরে পচনশীল দ্রব্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন মহাসড়কে চলাচল করতে পারবে না বলেও মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পণ্যবাহী যানবাহন রমজান মাসে টেরি বাজার বাদ দিয়ে কেসিদে রোড, সোনালী ব্যাংক মোড় ও আমানত শাহ মাজার হয়ে খাতুনগঞ্জে ঢুকবে।

বিভিন্ন বিপণীবিতানের কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট এলাকার যানজট নিরসনে কমিউনিটি পুলিশ নিয়োগ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের নির্দিষ্ট স্থানে গাড়ি রাখারও অনুরোধ করেছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাস্তার উপর, পাশে ও ফুটপাতে ঠেলা গাড়ি, ভ্যান দিয়ে কোনো মালামাল কেনাবেচা, বোঝাই ও খালাস করা যাবে না।

এছাড়া রাস্তার পাশের গ্যারেজ, ওয়ার্কসপে মেরামত করা ও নষ্ট যানবাহন স্থায়ীভাবে সরিয়ে নিতে বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।