২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি মোস্তাফিজকে অবিলম্বে গ্রেপ্তার দাবি বিএনপির

উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 07:54 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

শুক্রবার চট্টগ্রাম নগরীতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, তাদের উচিত ছিল ওইদিনই তাকে গ্রেপ্তার করা।

“নির্বাচনী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অবিলম্বে অভিযুক্ত সাংসদকে গ্রেপ্তার করতে হবে।”

নগরীর চট্টেশ্বরী রোডের বাসায় মীর নাছির যখন এ সংবাদ সম্মেলন করছিলেন তার কাছাকাছি সময় এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা করেন বাঁশখালী উপজেলার নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম।

তার অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ গত বুধবার ওই এমপি ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন।

সংবাদ সম্মেলনে ওই ঘটনায় মোস্তাফিজুরের সংসদ সদস্য পদও বাতিল করা দরকার ছিল বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাছির। 

শনিবার সাতকানিয়ায় হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও স্থানীয় এমপি আবু রেজা মো. নেজামউদ্দিন নদভী ‘প্রভাব বিস্তার’ করছেন বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

মীর নাছির বলেন, সাতকানিয়ার সরকার দলীয় সাংসদের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে। বিএনপি প্রার্থীদের নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করছে। আগামী ছয় ঘণ্টার মধ্যে ওই থানার ওসিকে সরাতে হবে।

শনিবার ভোটের দিন এমপি নেজামউদ্দিন নদভীর সাতকানিয়ায় যাওয়ার উপর ‘নিষেধাজ্ঞা’ আরোপের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান মীর নাছির।

দক্ষিণ চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, মানুষের হৃদয়ে এখনও ধানের শীষ। সুষ্ঠু নির্বাচন হলে মানুষ এখনও ধানের শীষে ভোট দিবে। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও সহ-সভাপতি ইফতেখার হাসান চৌধুরী মহসিন উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

মারধর: সাংসদ মোস্তাফিজের বিরুদ্ধে মামলা