মানুষ সরেছে, ভাগাড় নয়
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) গড়ে তোলা আবর্জনার ভাগাড়ের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে নগরীর কালুরঘাট শিল্প এলাকার প্রায় ৫০ হাজার মানুষ।
অস্থায়ী ভিত্তিতে সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে- এলাকাবাসীকে এমন আশ্বাস দেওয়া হলেও গত এক বছরে ভাগাড়টি সরেনি। আবর্জনার ভাগাড় স্থাপনে নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।
পরিবেশ নিয়ে স্থানীয়দের অভিযোগের পর অধিদপ্তর সিসিসিকে চিঠি দিলেও মেলেনি উত্তর।
স্থানীয়রা বলছে, শুধু তারা নয়, ভাগাড়টির কবলে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে কালুরঘাট শিল্পাঞ্চলের শ্রমিকরাও। ভাগাড়টির কারণে এক বছরে এলাকার অনেক ভবন থেকে ভাড়াটিয়া চলে গেছে।
সিসিসি কর্মকর্তারা জানান, প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকার ৯৮৫ টন গৃহস্থালী বর্জ্য ফেলা হয় সিঅ্যান্ডবি মোড় হয়ে কালুরঘাট শিল্পাঞ্চলে যাওয়ার সড়কের পাশে প্রায় ১১ একর জায়গায় গড়ে ওঠা ওই ভাগাড়ে।
ভাগাড়টির তিনদিকে নাথ পাড়া, মধ্যম বড়ুয়া পাড়া, হারিসন মাঝি পাড়া, আফজল মাঝি পাড়া ও ছালেহ আহমদ চৌধুরী পাড়া। আর পূর্ব-দক্ষিণ পাশে কালুরঘাট বিসিক শিল্প নগরী।
ভাগাড় সংলগ্ন নাথ পাড়ায় দেখা যায়, ময়লার মধ্যে খেলছে সেখানকার শিশুরা।
ভাগাড়টির কারণে নানা ধরনের রোগ ছড়িয়েছে বলে অভিযোগ করেন নাথ পাড়ার বাসিন্দা মিনতি দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভাগাড়টি হওয়ার পর এলাকার শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই চুলকানি, পেটের পীড়াসহ নানা ধরনের রোগে ভুগছে।
উৎকট দুর্গন্ধে মাঝে মাঝে বমি চলে আসে বলে জানান মিনতি দাশ।
এলাকার আরেক বাসিন্দা নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবর্জনার দুর্বিষহ গন্ধের কারণে এলাকার ভাড়াটিয়ারা অন্যত্র চলে গেছে। তার চারতলা ভবনে এখন কোনো ভাড়াটিয়া নাই। বলতে গেলে পুরো এলাকা এখন ভাড়াটিয়া শূন্য।
ভাগাড় থেকে ময়লা পানি চুইয়ে বেশ কয়েকটি পুকুরের পানি নষ্ট হওয়ার অভিযোগ করে তিনি বলেন, নষ্ট হয়েছে গাছ-পালাও। বৃষ্টিতে আবর্জনা সড়কে আসলে দুর্ভোগ হয় দ্বিগুণ।
জনবসতিতে আবর্জনার ভাগাড়ের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনবসতি থেকে কমপক্ষে দেড় কিলোমিটার দূরে ডাম্পিং সাইট করার নিয়ম।
জনবসতিতে এ ধরনের ভাগাড় ‘স্বাস্থ্যগত দুর্যোগ’ তৈরি করতে পারে মন্তব্য করে তিনি বলেন, এমন পরিবেশে বিকলাঙ্গ সন্তান হওয়ারও আশঙ্কা রয়েছে। চর্ম রোগের পাশাপাশি নানা ধরনের সংক্রমণ হতে পারে ফুসফুস, লিভার ও চোখে।
“এমনকি ওই আবর্জনার সংস্পর্শে যারা আসবে তাদের ক্যান্সার হওয়ারও আশঙ্কা আছে। শিশুরা অপুষ্টি, পেট ফাঁপা ও ক্ষুধামন্দায় ভুগবে,” বলেন সিভিল সার্জন।
কালুরঘাট বিসিক শিল্প নগরীর কর্মকর্তা প্রকৌশলী মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিল্প নগরীতে ৫০টি পোশাক কারখানাসহ ১৫৮টি কারখানা রয়েছে।
“এসব কারখানায় লক্ষাধিক শ্রমিক কাজ করেন। ভাগাড়টি হওয়ার পর থেকে আসা-যাওয়ার পথে আধা কিলোমিটার সড়ক জুড়ে তাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।”
“স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা সিসিসিকে চিঠি দিলেও তারা উত্তর দেয়নি।”
এ প্রসঙ্গে জানতে চাইলে সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ইতোমধ্যে ওখানে আবর্জনা ফেলতে নিষেধ করেছি। জায়গা না পাওয়ায় আসলে আমাদের বিকল্প পথও ছিল না।”
তিনি বলছেন, মধ্য জুনেই ডাম্পিং স্টেশনটি সরিয়ে নগরীর বায়েজিদের আরেফিন নগরে নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে সেখানে নতুন ডাম্পিং সাইট তৈরিও করা হয়েছে।
