ত্রাণ নিয়ে কলম্বোর পথে ‘বিএনএস বঙ্গবন্ধু’
শ্রীলঙ্কার বন্যাকবলিত মানুষের জন্য ১০৫ টন ত্রাণ দেশটির রাজধানী কলম্বো রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বঙ্গবন্ধু’।
বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, জীবন রক্ষাকারী ওষুধ, বস্ত্র, তাঁবু, খাদ্য সামগ্রী, শিশু খাদ্য ও জেনারেটর নিয়ে ‘বিএনএস বঙ্গবন্ধু’ মঙ্গলবার বিকাল ৬ টায় কলম্বো বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ-ঘাঁটি ছেড়ে যায়।
জাহাজটি আগামী ৫ জুন শ্রীলঙ্কায় পৌঁছার পর তিনদিন অবস্থান করবে। ত্রাণ বিতরণের পাশাপাশি উদ্ধারকাজেও অংশ নেবে জাহাজটি।
বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক সহায়তা চাইলে তাতে সাড়া দেয় বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।
‘বিএনএসন বঙ্গবন্ধু’র নৌঘাঁটি ত্যাগের আগে বানৌজা ঈশা খাঁয় এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীব জানান, এর আগে ২৭ মে ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান শ্রীলঙ্কায় গেছে।
“আমাদের নানা সীমাবদ্ধতা আছে। তা স্বত্ত্বেও যে কোনো মানবিক দুর্যোগে সাড়া দিতে আমরা পিছ-পা হই না। শ্রীলঙ্কার এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আমরা তাদের পাশে থাকব।”
সংবাদ সম্মেলনে ঢাকায় শ্রীলঙ্কার হাই কমিশনার ইয়াসুজা গুনাসেকারা জানান, এই প্রাকৃতিক দুর্যোগে শ্রীলঙ্কায় ১৬ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে। বন্যা কবলিত হয়েছে ১৯টি জেলা।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ কবির তালুকদার, এয়ার কমডোর এ এইচ এম ফজলুল হক, সশস্ত্র বাহিনী বিভাগের সামরিক ও বেসামরিক দপ্তরের মহা-পরিচালক কমডোর নাজমুল হাসানসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়।
আগামী ১১ জুন বিএনএস বঙ্গবন্ধুর চট্টগ্রামে ফেরার কথা রয়েছে।
