২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ টন নিম্নমানের খেজুর জব্দ

চট্টগ্রামে একটি হিমাগার থেকে ১০০ টন নিম্নমানের খেজুর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

নগরীর রিয়াজ উদ্দিন বাজারের চৈতন্য গলির ‘ইএটিসি কোল্ড স্টোরেজে’ সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জব্দ করা কিছু হিমাগারটির মালিকের। বাকি খেজুর অন্য ব্যবসায়ীরা সেখানে রেখেছেন।”

তিনি জানান, খেজুরগুলো বস্তায় ও প্যাকেটে রাখা। বস্তায় রাখা অধিকাংশ খেজুরই ভেজা ও দলা পাকিয়ে গেছে।

“খেজুরের বস্তা ও প্যাকেটের গায়ে প্যাকেটজাত করার তারিখ ১০ নভেম্বর ২০১৫ লেখা। প্যাকেটজাত করার পর ১৮ মাস পর্যন্ত এসব খেজুরের মেয়াদ আছে বলে প্যাকেটের গায়ে লেখা আছে।”

ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, হিমাগারের মালিক তৈয়বুর রহমানের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি আর কখনও নিম্নমানের খেজুর হিমাগারে রাখবেন না বলে লিখিত দিয়েছেন।

গত বছরের ১৭ জুন একই হিমাগারে অভিযান চালিয়ে ৬০ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর ও ২১ হাজার কেজি কিসমিস জব্দ করেছিল ভ্রাম্যমাণ আদালত।