২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি-চাঁদাবাজি ঠেকাতে সিসি ক্যামেরা বসানোর পরামর্শ

ঈদ কেনাকাচার সময়  চুরি-চাঁদাবাজি ঠেকাতে বিপণি বিতানগুলোতে সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 06:55 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

রোজার আগে সোমবার সিএমপি সদর দপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই পরামর্শ দেন তিনি।

সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি রোজার সময় যানজট নিরসন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা করা হয়।

সিএমপি কমিশনার ইকবাল বাহার ব্যবসায়ীদের জানান, রমজানে প্রতিটি বড় মার্কেটে পুলিশ পাহারা বাড়ানোর পাশাপাশি মহিলা ছিনতাইকারী ধরতে নারী পুলিশও মোতায়েন করা হবে।   

চুরি-ছিনতাই, বখাটেপনা ও চাঁদাবাজি রোধে মার্কেটের সামনে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি স্ব-স্ব মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্বেচ্ছাসেবক নিয়োগের জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি।

রোজায় যানজট নিরসনে ব্যসায়ীদের সহায়তা চেয়ে দোকানের সামনে কোনো ভ্রাম্যমাণ দোকান বসতে না দেওয়ার অনুরোধ করেন সিএমপি কমিশনার।

এছাড়াও ট্রাফিক পুলিশকে সহায়তা করতে বিপণি বিতানগুলোতে গাড়ি রাখার ব্যবস্থা রাখারও আহ্বানও জানান তিনি।

দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে দোকানে মূল্য তালিকা রাখার আহ্বানও জানান ইকবাল বাহার।

সভায় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদুল হাসানসহ উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।