সোনা চোরাচালান: চট্টগ্রামে একজনের যাবজ্জীবন
সোনা চোরাচালানের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর সোমবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ আল আমীন রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের এনামুল কবিরের ছেলে।
আসামি আল আমীন পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মামলার তথ্যানুযায়ী, আল আমীন ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর ৫৮টি সোনার বারসহ তাকে গ্রেপ্তার করে কাস্টমস কর্তৃপক্ষ।
এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা ইমাম হোসেন পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আইনজীবী ফখরুদ্দিন জানান, ২০১৫ সালের ১৩ এপ্রিল আদালত এ মামলায় অভিযোগ গঠন করে।
রাষ্ট্রপক্ষের ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেয়।
