২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মলম পার্টির’ তিন সদস্যসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘মলম পার্টির’ তিন সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 12:48 PM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত নগরীর বায়েজিদ থানার চন্দ্রনগর, মাইজপাড়া, চান্দগাঁও থানার বহদ্দারহাট ও হাটহাজারি থানার আমান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সুমন (২৫), মো (সোহেল (৩০), আব্দুর রব (৩৫), মো. মুরাদ (২৫) ও খাদিজা বেগম (২৮)।  এদের প্রথম তিনজনকে বৃহস্পতিবার রাতে আমানবাজার এলাকায় স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে দেয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তাররা ‘মলম পার্টি’ চক্রের সদস্য। যারা ছিনতাইকারীদের মধ্যে ‘হাতিয়া’ গ্রুপ নামে পরিচিত।

খাদিজা এই গ্রুপের দলনেতা আবুল হাশেমের স্ত্রী বলেও জানান তিনি।

ওসি মহসিন জানান, গ্রেপ্তাররা যাত্রীবেশে বিভিন্ন অটোরিকশায় উঠে। সেখানে থাকা যাত্রীকে মারধর করে ছিনতাইয়ের পর চোখে মলম লাগিয়ে রাস্তায় ফেলে দেয়।

বৃহস্পতিবার রাতে খুবছুর আলম নামে এক ব্যক্তি বালুছড়া থেকে হাটহাজারি ইসলামিয়া হাট এলাকায় যাওয়ার জন্য লোকাল অটোরিকশায় উঠে। এসময় বালুছড়া বাজার এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তাকে মারধর টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়।

হাটহাজারি থানার আমানবাজার এলাকায় খুবছুর চিৎকার শুরু করলে অটোরিকশায় থাকা সুমন ও সোহেল দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের ধাওয়া করে ধরে মারধরের পর পুলিশে দেয় বলে জানান ওসি মহসিন।

তিনি আরও জানান, এসময় অটোরিকশা নিয়ে পালানোর সময় বায়েজিদ থানার মাইজপাড়া এলাকা থেকে চালক আব্দুর রবকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, সুমন, সোহেল ও রবকে গ্রেপ্তারের পর তারা নগরীর বিভিন্ন স্থানে অটোরিকশা নিয়ে ঘুরে ঘুরে ছিনতাই করে থাকে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

“গত ১৫ দিনে তারা অটোরিকশার যাত্রী বেশে অক্সিজেন-কুয়াইশ রোড, পাঁচলাইশ হিলভিউ, কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় মোট পাঁচ জনের কাছ থেকে ছিনতাই করেছে।”

মহসিন আরও জানান, তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে শুক্রবার সকাল থেকে অভিযান চালিয়ে বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকা থেকে মুরাদ ও চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে খাদিজাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের শিকার খুবছুরের ছোট ভাই বাদী হয়ে গ্রেপ্তার সোহেল, সুমন, আব্দুর রব এবং তাদের দলনেতা হাশেমকে আসামি করে একটি মামলা করেছেন।