স্লোগান দিতে হবে না, কাজ করে দেখান: স্বাস্থ্যমন্ত্রী
‘জয় বাংলা’ ও ‘জিন্দাবাদ’ স্লোগান না দিয়ে ‘কাজ করে দেখাতে’ বিএমএ নেতা ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ওই অনুষ্ঠানে চিকিৎসক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করার পাশাপাশি টেলি কনফারেন্সের মাধ্যমে ২৫০ শয্যার কক্সবাজার জেলা সদর হাসপাতালে ছয় শয্যার আইসিইউ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
অনুষ্ঠানে ১১ জেলার সিভিল সার্জনরা চিকিৎসক সংকট, জনবল সংকট, অ্যাম্বুলেন্স ও অবেদনবিদ না থাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন না থাকা, শয্যা সংকটসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
এসময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, (বিএমএ) চট্টগ্রামের নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ দিকে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শুরুর আগে বিএম নেতারা এবং উপস্থিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা হাত তালি ও শ্লোগান দেন।
এরপর বক্তব্য দিতে শুরু করে চিকিৎসক পেশাজীবীদের সংগঠন বিএমএ নেতাদের উদ্দেশে স্লোগান না দেওয়ার আহ্বান জানান নাসিম।
তিনি বলেন, “বিএমএ নেতাদের বলছি। আমার পক্ষে জিন্দাবাদ, জয় বাংলা- এসব দিতে হবে না। কাজ করে দেখান। দাবি অনেক থাকবে। কিন্তু দায়িত্ব পালন করে যেতে হবে।
“সমস্যা থাকবেই, সমাধানের চেষ্টা করতে হবে। সুরম্য ভবন-যন্ত্র থাকতে পারে। ডাক্তার-নার্স যদি কাজ না করে তাহলে কিছুই হবে না।”
অনুষ্ঠানে আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু বলেন, “এখানে আজ যারা সিভিল সার্জন আছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে তাদের একজনও হয়ত সিভিল সার্জন হতে পারতেন না।
“প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যান। জনবল হয়ত কম। কম জনবলকেই শক্তি হিসেবে নিয়ে কাজ করতে হবে।”
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ছয় শয্যার আইসিইউ উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী
“প্রধানমন্ত্রী চেয়েছিলেন নতুন জায়গায় মেডিকেল হবে। মেডিকেল কলেজ ও হাসপাতাল আগের জায়গায় ঠিক থাকবে। যার যার কাজ সে করবে।”
সরকারের এ মেয়াদেই চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয়টি স্থাপনের কাজ শুরু হবে বলে জানান আওয়ামী লীগের এই নেতা।
নাসিম বলেন, “আমাদের (স্বাস্থ্য খাতের) লোকবল সমস্যা দীর্ঘদিনের। অনেক জায়গায় ২৫০ শয্যার হাসপাতাল হয়ে গেছে, লোকবল বাড়েনি।
“এটা অর্থ মন্ত্রণালয় দেখে। ২৬ তারিখ অর্থমন্ত্রীর সাথে বসছি- লোকবল ও বরাদ্দ বাড়ানোর জন্য। জুন মাসের মধ্যেই অনেক অ্যাম্বুলেন্স দেব।”
অনুষ্ঠানে বিএমএ নেতারা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের টিন শেড কার্যালয়টির স্থানে নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন মন্ত্রী।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল হক বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে বিএমএ চট্টগ্রাম এর সভাপতি মজিবুল হক খান, সাধারণ সম্পাদক মো. শরীফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জালাল উদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বক্তব্য রাখেন।
