২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যিনি স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে ধরে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 06:32 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

নিহত স্বপ্না বেগম (২৪) নগরীর স্বপ্না সাগরিকা এলাকায় অ্যারিজোনা গার্মেন্টের কর্মী। তিনি স্বামীর সঙ্গে পাহাড়তলি থানাধীন ফইল্যাতলি বাজার এলাকার শফিকুল আলম ভুঁইয়ার বাসায় ভাড়া থাকতেন।

পাহাড়তলি থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ফইল্যাতলির ওই ভাড়া বাসা থেকে স্বপ্নার লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বপ্নার স্বামী মো. স্বপনকে আটক করেছে পুলিশ।

স্বপন নগরীর একটি টেইলার্সে চাকরি করেন। তার বাড়ি লালমনিরহাটে। এই দম্পতির পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তান দাদা-দাদীর সঙ্গে লালমনিরহাটে থাকে।

ওসি রণজিত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বপ্না গার্মেন্টে বেশি বেতন পায় এবং স্বামীকে কম টাকা দেয় বলে এমন অভিযোগ নিয়ে স্বপনের সঙ্গে তার ঝগড়া হয়।

“ঝগড়ার পর বিকালে স্বপন ঘর থেকে বেরিয়ে যায়। এরপরই ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে স্বপ্না আত্মহত্যা করে।”

এ ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেখান থেকেই জিজ্ঞাসাবাদের জন্য স্বপনকে আটক করে পুলিশ।