২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোয়ানুর প্রভাব: চট্টগ্রামে অন্তত ১০ জন আহত

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বহুতল ভবনের কাঁচ ভেঙে ও গাছচাপায় চট্টগ্রামে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 07:27 PM

Updated : 12 Apr 2022, 02:06 AM

শনিবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম, আনোয়ারা ও পটিয়া উপজেলায় এসব আহতের ঘটনা ঘটে।

নগরীর ডবলমুরিং থানার এসআই নুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদ বনানী কমপ্লেক্সের পাশে ১৭ তলা একটি ভবনের কাঁচ ভেঙে নিচে পড়লে চার জন আহত হয়।

তারা হলেন- এনামুল কবির (৪০), আবদুর রহিম (৫০), কণা ধর (২৩) ও বিল্লাল (২৫)। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদের মধ্যে এনামুল ও রহিমের অবস্থা আশঙ্কাজনক।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, হালিশহরে সাইফুল (২৬), পটিয়ায় নুরুন নাহার (৫৫) ,আনোয়ারায় মোস্তফা (৩০) পতেঙ্গায় তৌহিদ (১৭) ও স্মৃতিকণা (২৩) এবং ইপিজেড এলাকায় ওমর গণি (৩২) ঝড়ের কবলে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।