২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোয়ানু: গাছ ভেঙে বিদ্যুৎহীন চট্টগ্রামের অনেক এলাকা

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রাম নগরীর বিদ্যুৎ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে; বিদ্যুৎহীন হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে শনিবার সকাল থেকেই ঝড়ো হাওয়া শুরু হলে বন্দরনগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পিডিবি চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ো হাওয়ার কারণে সরবরাহ লাইনে গাছ ও গাছের ডাল ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়। পরবর্তীতে ঝড়ো হাওয়া বাড়লে নগরীর বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

ঝড়ো হাওয়া কমার পর বিকাল ৪টা থেকে সংযোগ লাইন সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বভাবিক করার কাজ শুরু হয় বলে তিনি জানান।

বিদ্যুৎহীন চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রোয়ানুর আঘাতে শতাধিক গাছ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগ।

প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়ে পুরো ক্যাম্পাসে গাছ পড়ে আছে। এ কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

“আমরা ভেঙে পড়া গাছ সরিয়ে নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ চালু করার জন্য কাজ শুরু করেছি। ঝড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”