মোবাইল চুরির অভিযোগে হত্যা: গ্রেপ্তার ৫ জন রিমান্ডে
সীতাকুণ্ডে মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার এই আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা সাতদিন রিমান্ডের আবেদন করেন।
“বিচারক শুনানি নিয়ে তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।”
যাদেরকে রিমান্ডে পাঠানো হয়েছে তারা হলেন- খায়ের আহম্মেদ, জামাল হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল আলম ও কামরুল হোসেন।
মঙ্গলবার গভীর রাতে শীতলপুর ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় আব্দুল মালেক (৩০) নামে এক যুবককে মোবাইল চুরির অপরাধে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সীতাকুণ্ড থানার এসআই কামাল উদ্দিন বুধবার জানিয়েছিলেন, মোবাইল চুরির অভিযোগে রাতে মালেককে বাড়ি থেকে ডেকে চৌধুরীঘাটা এলাকার ‘আযবাহ ড্রিকিং ওয়াটার’ নামে একটি প্রতিষ্ঠানে নিয়ে যায় কিছু লোক।
“এসময় তারা সেখানে বেঁধে মালেককে মারধর করলে সে মারা যায়।”
গ্রেপ্তার খায়ের ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আর বাকিরা কর্মচারী।
