২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে শ্রমিক নিহত

চট্টগ্রাম শহরের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের গুদামে লাগা আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 12:46 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

নিহত মো. মাজহারুল ইসলাম (২০) নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার ভোর রাতে খুলশী ৮ নম্বর সড়কের হাকিম অ্যান্ড সন্স নামে ওই প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।

খুলশী থানার ওসি মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিষ্ঠানটি ঠিকাদারির পাশাপাশি নির্মাণ শ্রমিকও সরবরাহ করত। আগুনে পুড়ে যাওয়া কক্ষটিতে তারা রড ও সিমেন্টসহ বিভিন্ন ধরনের মালামাল রাখত।

“মাজহারুল রাতে ওই কক্ষে ছিলেন। আগুনে তার শরীর পুরো পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবুল কালাম বলেন, “অনেকে বলেছে, কক্ষটিতে রাত সোয়া ১২টার দিকে আগুন লাগে। কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে রাত পৌনে ২টার দিকে।”

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রাত ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনে লাশটি উদ্ধার করে বলে জানান তিনি।

“কক্ষটিতে একটি আরমারি ছিল, যেখানে কিছু কাগজপত্রও ছিল। সেগুলো পুড়ে গেছে। আমরা সবকিছু পুলিশকে বুঝিয়ে দিয়েছি।”

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা জানাতে পারেনি তিনি।

ওসি নিজাম  বলেন, “মাজহারুল এক সপ্তাহ আগে কাজের জন্য চট্টগ্রামে আসে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।