বৌদ্ধ ভিক্ষু হত্যাকারীদের বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন করেছে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।
মঙ্গলবার বিকালে নগরীর নন্দনকাননের বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে চট্টগ্রাম বৌদ্ধ সমিতি।
নাইক্ষ্যংছড়ি উপজেলার চক পাড়া বৌদ্ধ বিহারে শুক্রবার রাতে খুন হন বিহারাধ্যক্ষ মং শৈ উ (৭০)। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বৌদ্ধ সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি আদর্শ কুমার বড়ুয়া বলেন, ২০০৭ সালে চট্টগ্রামের রাউজানে জ্ঞানজ্যোতি ভিক্ষুকে নির্মমভাবে হত্যা করা হয়।
আদর্শ কুমার বড়ুয়া বলেন, আমরা নাইক্ষ্যংছড়িতে ভিক্ষু হত্যার বিচার চাই। প্রকৃত দোষীদের গ্রেপ্তার চাই।
সমাবেশে অধ্যাপক সঞ্জীব বড়ুয়া বলেন, “যিনি জ্ঞানের সাধনা করেন এরকম একজন নির্বিরোধী মানুষকে নির্মমভাবে খুন করা হলো।
“এর আগেও দেশে যাজক খুন হয়েছেন। সুফী সাধক আর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খুন হয়েছেন। দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবেই একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে।”
সমাবেশে অন্যদের মধ্যে বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নেতা স্বজন বড়ুয়া, বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক দুলাল বড়ুয়া ও পরিচালক প্রদীপ বড়ুয়া বক্তব্য রাখেন।
