২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসি ক্যামেরা বসছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার জুড়ে

নিরাপত্তার খাতিরে সিসি ক্যামেরার আওতায় আসছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উত্তম সেনগুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 07:35 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

ইতোমধ্যে কারাগারের হাসপাতাল, কনডেম ও ‘৩২ সেল’সহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে ক্যামেরা।

মে মাসের মধ্যে বিভিন্ন ওয়ার্ডসহ পুরো কারাগার এবং আশেপাশের এলাকগুলোতে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাহবুবুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অপরাধীরা অনেক সময় কারাগারের ভেতরে বিশৃঙ্খলা করার চেষ্টা করে থাকে। এসব বিশৃঙ্খলা বন্ধ করার পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তার জন্যই এসব ক্যামেরা বসানো হচ্ছে।

এর মাধ্যমে কয়েদি বা হাজতির পাশাপাশি কোনো কারারক্ষীও যদি কোনো ধরনের অপরাধ করে থাকে, তবে তা শনাক্ত করা যাবে বলে মনে করেন জেলার মাহবুবুল।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে পাঁচ তলা বিশিষ্ট পদ্মা, মেঘনা, যমুন, কর্ণফুলী, সাঙ্গু ও হালদা ভবন, দুই তলা বিশিষ্ট কিশোর ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, ভিআইপি ওয়ার্ড, হাসপাতাল ভবন রয়েছে।

এছাড়া সীমানা প্রাচীরের ভেতরে রয়েছে জেল সুপার, জেলারের বাসভবন, ডেপুটি জেলারদের কোয়ার্টার, কারারক্ষী ব্যারাকসহ বেশ কিছু ভবন।  

জেলার মাহবুবুল জানান, কারাগারের প্রধান ফটক ও সাক্ষাৎ কক্ষে আগে থেকেই ক্যামেরা বসানো ছিল। এখন নতুন করে বিভিন্ন স্থানে ক্যামেরা বসানোর কাজ চলছে।

ইতোমধ্যে আরপি গেইট (রাস্তার সাথে গেইট), ৩২ সেল, হাসপাতাল, রান্না ঘর, সূর্য সেন ভবন, জেল সুপার, জেলার, ডেপুটি জেলারের বাস ভবন, স্টাফ কোয়ার্টার ও কারারক্ষী ব্যারাকের সামনেসহ বিভিন্ন স্থানে ৩২টি ক্যামেরা বসানো হয়েছে।

কারাগার কর্তৃপক্ষ জানায়, দুই তলার ৩২ সেল ভবনের বিভিন্ন সেলে জেএমবি, হামজা বিগ্রেড, হিযবুত তাহরীর, হরকাতুল জেহাদ ও জামায়াত-শিবির কর্মীদের রাখা হয়েছে।

এছাড়া সাধারণ বন্দিরা অন্যান্য বিভিন্ন ওয়ার্ডে রয়েছে।

নিরাপত্তার কথা বিবেচনায় প্রথমে ৩২ সেল, কনডেম সেলের পাশাপাশি হাসপাতাল, রান্নাঘর, কয়েদিদের কাজের স্থান সূর্য সেন ভবনে এসব ক্যামেরা বসানো হয়েছে।

জেলার মাহবুবুল জানান, বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি অস্ত্রাগার, অফিস রুমেও সিসি ক্যামেরা বসানো হবে।

এসব ক্যামেরা বসানোর ফলে কারারক্ষীরাও কোনো ধরনের কোনো অপরাধ করলে তাও শনাক্ত করার পাশাপাশি ফুটেজগুলো সংরক্ষণ করা যাবে বলে জানান জেলার।