চট্টগ্রামে গার্মেন্ট কর্মচারী খুনের পেছনে ‘সুদের লাখ টাকা’
সুদে দেওয়া এক লাখ টাকা ফেরত চাওয়ায় চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানার কর্মচারী জাফর মিয়াকে হত্যা করা হয় বলে এ ঘটনায় গ্রেপ্তারদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
সিইপিজেডের ইয়াং ওয়ান গার্মেন্টের কর্মচারী জাফরের লাশ উদ্ধার হয় বুধবার। প্রায় এক সপ্তাহের মাথায় তার সহকর্মী মোহাম্মদ জিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হত্যাকাণ্ডে জিয়া ছাড়াও মোমিনুল হক ও জাকির হোসেন নামে দুই অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিমানবন্দর সড়কে চলন্ত অটোরিকশায় জাফরকে হত্যা করা হয় বলে গ্রেপ্তারদের বরাত দিয়ে জানান তিনি।
এসআই মনিরুল বলেন, রাউজানের বাসিন্দা জাফর নগরীর মাইলের মাথা এলাকায় মেসে থাকতেন। চাকরির পাশাপাশি সুদে টাকা দিতেন তিনি।
১৫ হাজার টাকা সুদে সহকর্মী জিয়াকে এক লাখ টাকা দিয়েছিলেন জাফর। সম্প্রতি ওই টাকা ফেরত চাইলে ‘জিয়া তাকে হত্যার পরিকল্পনা করেন’ বলে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন বলে জানান মনিরুল।
তিনি বলেন, জিয়া ৯ মে রাতে নগরীর বড়পোল মোড়ে একটি চা দোকানে মোমিনুল ও জাকিরের সঙ্গে বৈঠক করে হত্যার পরিকল্পনা করে।
“এজন্য মোমিনুলকে অগ্রিম এক হাজার টাকা দেয় জিয়া। ১০ মে রাতে দাওয়াত খাওয়ানো এবং টাকা ফেরত দেওয়ার কথা বলে বাসা থেকে জাফরকে ডেকে নেয় সে।
“জাফরের বাসার সামনে আগে থেকেই সিএনজি অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিল মোমিনুলের বন্ধু জাকির। তাকে চেনে না এমন ভাব করে ওই অটোরিকশায় জাফরকে নিয়ে উঠে পড়ে জিয়া ও মোমিনুল।
“অটোরিকশাটি বিমানবন্দর সড়কের ওয়েস্ট পয়েন্ট এলাকায় গেলে জাফরের গলা চেপে ধরে জিয়া। মোমিনুল গামছা দিয়ে জাফরের গলা পেঁচিয়ে ধরে। জাফরের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানবন্দর সড়কে অটোরিকশা চালাতে থাকে জাকির।”
পরে জাফরের লাশ সড়কের পাশে ফেলে চলে যায় তিনজন। পরদিন পুলিশ লাশ উদ্ধারের পর স্বজনরা এসে জাফরকে শনাক্ত করেন।
জাফরের ফোন নম্বরের কললিস্ট বের করে জিয়ার সঙ্গে তার শেষ কথোপকথনের বিষয়টি পুলিশ নিশ্চিত হয় বলে এসআই মনিরুল ইসলাম জানান।
এছাড়া জাফরের মেসের অন্য সদস্যরাও পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে জিয়া তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় বলে জানিয়েছেন।
“এ দুই তথ্যের ওপর ভিত্তি করে বড়পোল এলাকা থেকে জিয়াকে গ্রেপ্তার করা হয়,” বলেন মনিরুল।
এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
