২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ড ইকোপার্কের লাশটি বিশ্ববিদ্যালয় ছাত্রীর

সীতাকুণ্ড পৌরসভার ইকোপার্ক থেকে উদ্ধার মরদেহটি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 12:01 AM

Updated : 20 Aug 2022, 12:44 PM

রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায় বলে সোমবার জানিয়েছেন সীতাকুণ্ড থানার এসআই সুজয় কুমার মহাজন।

তিনি বলেন, নিহত মুন্নি আক্তার (২৫) পটিয়া উপজেলার গোবিন্দের খিল গ্রামের আবুল কালামের মেয়ে। নগরীর বাকলিয়ায় খালার বাসায় থেকে খুলশীর বেসরকারি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন তিনি।

এসআই সুজয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুন্নি শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ক্যাম্পাসেই ছিলেন। পরে সেখান থেকে তিনি বেরিয়ে যান।

শনিবার বিকালে সীতাকুণ্ড ইকোপার্কের ভেতর থেকে ছুরিকাঘাতে নিহত মুন্নির লাশ উদ্ধার করে পুলিশ।

ইকোপার্কের মূল ফটক থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে সপ্তধারা পয়েন্টের বিপরীতে পর্যটক বসার একটি বেঞ্চেই মুন্নিকে খুন করা হয় বলে ধারণা পুলিশের।

ওই বেঞ্চের অদূরে পাহাড়ের নিচ থেকে মুন্নির লাশ উদ্ধারের পর শনিবারই এসআই সুজয় বাদি হয়ে একটি মামলা করেন।

তিনি বলেন, মুন্নির প্রেমের সম্পর্ক এবং পটিয়ায় জমি নিয়ে পরিবারের সঙ্গে স্থানীয়দের বিরোধ- এ দুটি বিষয় বিবেচনায় নিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে।