২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টের মধ্যে চট্টগ্রামবাসীর তথ্য সংগ্রহ: সিএমপি কমিশনার

আইনশৃঙ্খলা রক্ষায় নগরের বাসিন্দাদের তথ্যভাণ্ডার তৈরিতে আগামী ৩১ অগাস্টের মধ্যে তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

রোববার সিএমপি সদর দপ্তরে ‘বিট পুলিশিং’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রাম মহানগর এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়া সম্পর্কে ‘নির্দিষ্ট ফরমে’ পরচিতিমূলক তথ্য সংগ্রহ করা হবে।

তিনি বলেন, “সাম্প্রতিককালে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কিছু জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। অধিকাংশ সময় এসব জঙ্গি ভাড়াটিয়া হিসেবে অবস্থান নিয়ে এসব করছে।”

অপরাধীরা যাতে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বা গোপন রেখে এবং চুক্তি ছাড়া বাড়ি ভাড়া নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান ইকবাল বাহার।  

তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরিতে পুলিশের পক্ষ থেকে ১৫ লাখ ফরম বিতরণ করার কথা জানিয়ে সিএমপি কমিশনার জানান, প্রতিটি ফরমের সঙ্গে ভাড়াটিয়া, বাড়ির মালিকের জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধকরণ সনদের কপি ও ছবি সংযুক্ত করতে হবে।

“কোনো ভাড়াটিয়া বাসা ছেড়ে দিলে তাৎক্ষনিকভাবে বাড়ির মালিককে তা থানায় জানাবেন এবং নতুন ভাড়াটিয়া আসলে একই নিয়মে ফরম পূরণ করে বিট কর্মকর্তাকে বা থানায় জমা দিতে হবে।”

সিএমপি কমিশনার মনে করেন, বিশদ তথ্য থাকলে অপরাধের রহস্য উদঘাটনের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা সহজ হবে।পাশাপাশি বাড়ির মালিককেও আইনি জটিলতার সম্মুখীন হতে হবে না।”

যদি কোনো বাড়ির মালিক ভাড়াটিয়া সম্পর্কে তথ্য দিতে না পারেন বা গোপন রাখেন এবং এর পরে কোনো সন্ত্রাসী কার্যক্রম হলে বাড়ির মালিককে ফৌজদারি অপরাধের দায় নিতে হবে বলেও জানান ইকবাল বাহার।