২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রনির মুক্তি চেয়ে মানববন্ধন

চট্টগ্রামে ইউপি ভোটের দিন অস্ত্র বহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 08:52 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি থেকে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনিকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করে দ্রুত তার মুক্তির দাবি জানানো হয়।

মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, জালাল উদ্দিন জাহেদ, নোমান চৌধুরী, সৌমেন বড়–য়া, যুগ্ম সম্পাদক সুজন বর্মন, অমিতাভ চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।

হাটহাজারীর মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার হন ছাত্রলীগ নেতা রনি।

তাকে নির্বাচনে দায়িত্ব পালনরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিবার্চনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই বছর কারাদণ্ড দেয়। এছাড়া তার বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইন অন্য একটি মামলা হয়।

এদিকে কারাগারে আটক ছাত্রলীগ নেতা রনি বুকের ব্যথায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।

হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে রনি চিকিৎসা নিচ্ছেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম।