২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্রমিক ফেডারেশনের পরিবহন ধর্মঘট স্থগিত

দাবি পূরণে প্রশাসনের আশ্বাস এবং এইচএসসি পরীক্ষার্থীদের কষ্ট বিবেচনায় নিয়ে চট্টগ্রামে সোমবার ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 08:52 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রোববার বিকালে চট্টগ্রাম মহানগর পুলিশ প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের পর ধর্মঘট স্থগিত করা হয় বলে জানান ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবারের এইচএসসি পরীক্ষা এবং আমাদের ছয়দফা দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট স্থগিত করেছি।”

উচ্চ আদালতের রায় মেনে অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা ধরপাকড় বন্ধসহ ছয়দফা দাবি আদায়ে গত শুক্রবার সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।   

এদিকে রোববারই তাদের ধর্মঘট ঠেকানোর ঘোষণা দেন চট্টগ্রামের পরিবহন মালিকরা।

পুলিশের রিকুইজিশন ও ‘টোকেন বাণিজ্য’ বন্ধ এবং পরিবহন শ্রমিকদের উপর পুলিশের নির্যাতন বন্ধের দাবিও আছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ছয়দফায়।

পুরনো খবর:

শ্রমিকদের ধর্মঘটে গাড়ি চালানোর ঘোষণা মালিকদের