২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর জন্য হরতালে চট্টগ্রামেও মাঠে নেই জামায়াত

ফাঁসির দণ্ড পাওয়া যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর জন্য তার দল জামায়াতে ইসলামীর ডাকা রোববারের হরতালে চট্টগ্রামেও নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 01:29 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

সকাল থেকে দুপুর পর্যন্ত নগরী ও জেলার কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বেলা বাড়ার সঙ্গে যানচলাচলও বেড়েছে; কমবেশি দূরপাল্লার যানও চলাচল করছে।

চট্টগ্রমা নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, সকাল থেকে নগরীর কোথাও কোন ধরনের বিশৃঙ্খলার খরব পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট নিজামুল ফাহমি বলেন, শুরুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী যান চলাচল কিছুটা কম থাকলেও পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক ছিল।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী যান চলাচলও বাড়ছে বলে জানান তিনি।

চট্টগ্রামের জামায়াত-শিবির প্রভাবাধীন এলাকা হিসেবে পরিচিত সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতেও মিছিল, মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ চট্টগ্রামের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

“চট্টগ্রাম-কক্সবাজার সহাসড়কেও কোন ধরনের পিকেটিং বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।”

প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গত বৃহস্পতিবার জামায়াত আমির নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়। এরপর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে রোববার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতালের বার্তা দেওয়া হয়।

এর আগে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলার সব রায়ের পরও হরতাল করেছে জামায়াত।

প্রথম দিকে এসব কর্মসূচিতে সারা দেশে সারা দেশে ব্যাপক নাশকতা চালানো হয়। তবে সাম্প্রতিক সময়ে হরতালের মধ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি, হরতালে জনজীবনেও তেমন প্রভাব পড়েনি।