রাতের আঁধারে চট্টগ্রামে ‘শতবর্ষী’ গাছ কাটল সিসিসি
চট্টগ্রামের টাইগার পাসে রেলওয়ের মালিকানাধীন জায়গায় রাতের আঁধারে একটি ‘শতবর্ষী’ পুরনো গাছ কেটে ফেলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
শুক্রবার গভীর রাতে খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী কাটা গাছের টুকরোগুলো নিজেদের হেফাজতে নিয়েছে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে।
শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টাইগারপাস-আমবাগান সড়কের মুখে থাকা ‘শতবর্ষী’ রেইনট্রি গাছটি আর নেই।
টাইগারপাস-আমবাগান সড়কে অটোরিকশা চালক মো. কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছটি আমাদের সবার জন্য এ রোদের মধ্যে একটি আশ্রয়ের জায়গা ছিল।
“অটোরিকশা চালিয়ে এসে গাছটির ছায়ায় আমরা বিশ্রাম নিতাম। এখন সে আশ্রয়টিও শেষ করে দেওয়া হয়েছে”।
এদিকে সিসিসি রেলওয়ের জায়গায় থাকা কাছ তাদের অনুমতি ছাড়া কেটে ফেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা রমযান আলী।
তিনি বলেন, “সিসিসি কোনোভাবেই রেলওয়ের জায়গায় থাকা কোনো গাছ নিজের ইচ্ছেমত কাটতে পারে না। রাতের অন্ধকারে যন্ত্রপাতি এনে রেলওয়েকে না জানিয়ে যে কাজটি সিসিসি করেছে- তার বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নেব।”
রমযান আলী বলেন, “টাইগারপাসের উত্তরে থাকা পাহাড়ে গাছ কাটার নিলাম হলেও সিসিসি কর্মকর্তাদের যোগসাজসে টাইগারপাস মোড়ে থাকা রেলওয়ের মালিকানাধীন গাছটি রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে।”
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডার মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে গাছটি কাটা শুরু করে ১২ জনের একটি দল।
“রাত ১টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে গাছ কাটায় নিয়োজিতরা সটকে পড়ে।”
এদিকে ‘গাছটি মৃত ছিল’ দাবি করে কালবৈশাখের মৌসুমে দুর্ঘটনা এড়াতে গাছটি কাটা হয়েছে বলে বলছেন সিসিসির সিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম।
“গাছটি মৃত ছিল। এখন কালবৈশাখের মৌসুম চলছে তাই জানমাল বাঁচাতে গাছটি সিসিসি অপসারণ করেছে। মৃত গাছ কাটতে পরিবেশের অনুমতি লাগে না।”
টাইগারপাসের উত্তরে থাকা পাহাড়ে গাছ কাটার টেন্ডার ডেকে পশ্চিমের অংশে রেলওয়ের জায়গা থেকে কেন গাছটি কাটা হল- এমন প্রশ্নে তিনি বলেন, “ওই সড়কটি সিসিসি মেইনটেইনেন্সের অধীনে আছে। গাছটি যে রেলওয়ের জায়গায় সেটা আমাদের জানা ছিল না।”
তবে টেন্ডারে গাছটিও অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করেন সিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ রেজাউল।
খুব শিগগির এ বিষয়ে রেলওয়ে একটি মামলা করবে বলে জানান তিনি।
