২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর রিভিউ খারিজ: চট্টগ্রামে বিজয় মিছিল

একাত্তরের আল-বদরপ্রধান যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর বিজয় মিছিল করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 03:33 PM

Updated : 11 Oct 2022, 08:11 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্ট বেঞ্চ নিজামীর রিভিউ আবেদন খারিজ করে।

এর পরপরই নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে বিজয় মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। বিভিন্ন সড়ক হয়ে আন্দরকিল্লা মোড় ঘুরে চেরাগী পাহাড় মোড়ে এলে ফিরে আসে।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ বলেন, রিভিউ আবেদন খারিজ হওয়ার ফলে জাতি ‘ন্যায় বিচারের দ্বারপ্রান্তে’ পৌঁছালো, গণজাগরণের মঞ্চের আন্দোলনের বিজয় হলো।”

নিজামীর ফাঁসীর রায় কার্যকর করার পাশাপাশি যুদ্ধাপরাধ সংঘটনকারী দল জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান।

অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, গণজাগরণ মঞ্চের সংগঠক রাশেদ হাসান ও সুনীল ধর, মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরী, তপন দস্তিদার, প্রজন্ম ৭১’র সলিল চৌধুরী, কবি আশীষ সেন, যুবনেতা রুবেল দাশ প্রিন্স, ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় ও ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শিমুল এসময় উপস্থিত ছিলেন ।

সমাবেশ শেষে মঞ্চের কর্মী ও মুক্তিযোদ্ধারা একে অন্যকে মিষ্টিমুখ করান।

রিভিউ খারিজ হওয়ার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর আমিরের সব আইনি লড়াই শেষ হয়। এরপর শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন নিজামী, না পেলে দণ্ড কার্যকর করতে পারবে সরকার।