২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লুকোচুরিতে প্রমাণিত বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্র জনস্বার্থবিরোধী’

বাঁশখালীতে ‌‘জীবন ও পরিবেশ বিপর্যয়কারী’ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 10:50 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘বাঁশখালীতে জীবন ও পরিবেশ বিপর্যয়কারী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।

সেমিনারে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‍“কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে সরকার ও এস আলম গ্রুপের লুকোচুরি প্রমাণ করে ওই প্রকল্প জনস্বার্থ বিরোধী।

“তিন বছর আগে এস আলম গ্রুপের সাথে চীনা কোম্পানির চুক্তি হলেও এ প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে কিছুই জানানো হয়নি। প্রকল্পটি যদি পরিবেশ বিধ্বংসী হয়ে না থাকে তাহলে এত লুকোচুরি বা গোপনীয়তা কেনো?”

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে হত্যার শিকার হয়েছে চারজন। এ হত্যাকাণ্ডের এক মাসেও তদন্ত কমিটি তাদের রিপোর্ট দেয়নি।

এ ঘটনায় এস আলম গ্রুপ ও সরকারের মদদ রয়েছে দাবি করে তিনি বাঁশখালীতে দ্রুত কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানান।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শাহ্ আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণসংহতি ফেডারেশন চট্টগ্রামের সমন্বয়কারী হাসান মারুফ রুমি।

অন্যদের মধ্যে সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরী, বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা আহ্বায়ক মানস নন্দী, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দিন নাসু, বাসদ জেলা সমন্বয়ক মহিন উদ্দিন ও তড়িৎ প্রকৌশলী মাহবুব সুমন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল ও ভিটেমাটি রক্ষার দাবিতে গণ্ডামারা ইউনিয়নে হাজার হাজার মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি করে লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়েছে।

‘শান্তিশৃঙ্খলা রক্ষা নয়, গণআন্দোলনে প্রকল্পটি বাতিলের আশঙ্কাতেই’ এ আক্রমণ চালানো হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।

মূল প্রবন্ধে বলা হয়, ভারত ও চীনে ইতোমধ্যে পরিবেশ বিধ্বংসী হওয়ার কারণে কয়লা বিদ্যুাৎ প্রকল্পগুলো বাতিল হচ্ছে আর এখানে দেশীয় ক্ষতিপয় মুনাফাখোরের লাভের স্বার্থে এই প্রকল্পগুলো আমদানি করা হচ্ছে।

সুন্দরবন, বাঁশখালী, মহেশখালী, রামপালসহ কোথাও এদেশের দেশপ্রেমিক মানুষ এ ধরনের প্রকল্প বাস্তবায়ন হতে দেবে না।

গত ৪ এপ্রিল বিকালে বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপের মালিাকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে প্রতিবাদ করতে গিয়ে নিহত হয় চার গ্রামবাসী। 

পুরনো খবর:

ভিটে-পেশা হারানোর শঙ্কা থেকে বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা