২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে ‘অপহরণের’ সময় স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামের বাঁশখালীতে ‘অপহরণের’ সময় এক স্কুল ছাত্রীকে উদ্ধারের পর ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 07:13 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

গ্রেপ্তার মো. কায়ছার (২৫) বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের নোয়া মিয়ার ছেলে।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, বুধবার সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের মোহাম্মদ দিঘীর পাড় এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

উদ্ধার স্কুলছাত্রী উপজেলার নাপোড়া ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়েন তিনি।

ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে মেয়েটি স্থানীয় রুটে চলাচল করা অটোরিকশা করে নাপোড়া যাচ্ছিল।

“বিভিন্ন গন্তব্যে অটোরিকশায় থাকা আরোহীরা নেমে গেলে চালক জলদী এলাকা থেকে অটোরিকশাটি ঘুরিয়ে কালীপুর নিয়ে আসে।”

ওসি আরও বলেন, “অটোচালক এসময় তার দুই বন্ধুকে খবর দিয়ে কালীপুর আসতে বলে। মেয়েটিকে কালীপুর এলাকায় পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার পথে সে এলাকায় দায়িত্বরত পুলিশকে দেখে হাতে ইশারা দেয়।

“এসময় স্থানীয়দের নিয়ে পুলিশ সদস্যরা মোহাম্মদ দিঘী এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে কায়ছারকে আটক করলেও অটোরিকশা নিয়ে চালক ও অন্য যুবকটি পালিয়ে যায়।”

এ ঘটনায় অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলা হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, কায়ছারকে জিজ্ঞাসাবাদে অটোরিকশার চালক ছাড়াও ঘটনায় থাকা সরোয়ার নামে এক যুবকের নাম পাওয়া গেছে।

“অটোচালকের বন্ধু সরোয়ার। অটোচালকের ফোন পেয়ে সরোয়ারই তাকে কালীপুর নিয়ে আসে বলে কায়ছারের দাবি।”