২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ২ ‘সদস্য’ গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী চক্র ‘হামকা গ্রুপের’ প্রধানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2016, 07:01 PM

Updated : 20 Aug 2022, 12:36 PM

পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ্যে মো. উজ্জ্বল ওরফে হাতকাটা জাহাঙ্গীর (৩৫) হামকা গ্রুপের প্রধান; আর মো. ওসমান  (৩৮) তার সহযোগী।

নগর গোয়েন্দা পুলিশের এসআই রাছিব খান জানান, সোমবার বিকালে বাকলিয়া থানার কালামিয়া বাজার আব্দুল লতিফ হাট এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা বিভিন্ন ধরনের আটটি ল্যাপটপ ও ১৫টি মোবাইল ফোন সেটসহ বিভিন্ন ধরনের মালামাল ও চুরির কাজে ব্যবহার করা সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান এই ডিবি সদস্য।

এসআই রাছিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর কালামিয়া বাজার আব্দুল লতিফ হাট এলাকার ওসমানের বাসায় অবস্থান করছে খবর পেয়ে সোমবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় বাসা থেকে বিভিন্ন সময়ে তাদের ছিনতাই করা নয়টি মোবাইল মোবাইল সেট ও দুইটি ল্যাপটপ, একটি কোরাবারি, লোহা কাটার যন্ত্র, হেকসো ব্লেড উদ্ধার করা হয়।

এরপর তাদের নিয়ে কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ের জলসা মার্কেটে অভিযান চালানো হয় জানিয়ে ডিবি পুলিশ সদস্য রাছিব বলেন, মার্কেটের ‘এইচজি মোবাইল অ্যাভেনিউ’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে আরও ছয়টি ল্যাপটপ, ১৩টি মোবাইল সেট, দুইটি ট্যাপ, একটি সিপিইউ ও একটি এলইডি মনিটর উদ্ধার করা হয়।

“চট্টগ্রামের ছিনতাইকারী গ্রুপগুলোর মধ্যে অন্যতম হামকা গ্রুপ। এই গ্রুপের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে ছিনতাই করে  জাহাঙ্গীরকে এনে দেয়। পরে সেগুলো বিভিন্ন দোকানে বিক্রি করে,” বলেন তিনি।

হাতকাটা জাহাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে চারটি ও ওসমান গণির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে মঙ্গলবার নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, নড়াইলের লোহাগাড়া উপজেলায় জাহাঙ্গীরের  বাড়ি। ঢাকায় চুরি শুরু করে অপরাধজগতে জড়ানোর পর ১২ বছর আগে সে চট্টগ্রামে এসে হামকা গ্রুপ তৈরি করে।

গ্রুপটি নগরীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি ও ইলেকট্রনিক্স দোকানে সাটার ও গ্রিল কেটে ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী চুরি করে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হামকা গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করা হলেও এ গ্রপের সেকেন্ড ইন কমান্ড মামুনসহ লিটন, আমির, হোসেন, নাছির, রাসেল, ভাগিনা রাসেল ও এইচজি মোবাইল অ্যাভেনিউ’র মালিক রেদওয়ান চৌধুরী পালিয়ে রয়েছে।

তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।