২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট নিয়ে জাহাজ মালিকদের সিদ্ধান্ত রোববার

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরও লাইটার জাহাজ চালানো নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি নৌযান মালিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 09:11 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

শনিবার বন্দর চেয়ারম্যানের এই বৈঠক হয় মালিকদের। তবে চারদিন ধরে জাহাজ চালানো থেকে বিরত থাকা মালিকরা রোববার তাদের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে গত ২১ এপ্রিল থেকে ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা। ২৬ এপ্রিল নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘ক’ শ্রেণির শ্রমিকদের মজুরি ছয় হাজার ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার ঘোষণার পর শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন।

তবে ওই সিদ্ধান্ত না মেনে ২৭ এপ্রিল থেকে জাহাজ চালানো বৈন্ধ রাখেন নৌযান মালিকরা।

এ অবস্থায় শনিবার চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সঙ্গে বৈঠকে বসেন ‘বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের’ নেতারা।      

বৈঠকে বন্দর পরিচালনা পরিষদের সদস্য (হারবার মেরিন) কমোডর শাহীন রহমান, সদস্য (প্রকৌশল) জুলফিকার আজিজসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত বৈঠক শেষে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, “বৈঠকে আমাদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। মালিকদের সঙ্গে আগামীকাল আলোচনা করে সিদ্ধান্ত জানাব।”

মালিকদের সঙ্গে আলোচনায় ইতিবাচক ফল আসবে বলে আশাবাদী তিনি।

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, লাইটার জাহাজ চলাচল বন্ধ থাকায় বহিঃনোঙরে প্রায় ৪০টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে।

পুরনো খবর:

নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত