চট্টগ্রামে দুই কভার্ডভ্যান ফ্যান জব্দ
শুল্ক ও কর ফাঁকির অভিযোগে চট্টগ্রামে রাপ্তানিকারক প্রতিষ্ঠান ‘গোল্ডেন সনের’ দুটি কভার্ড ভ্যান থেকে আবারও বৈদ্যুতিক ফ্যান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস জানান, সোমবার গভীর রাতে ফৌজদারহাট এলাকা থেকে কভার্ড ভ্যান দুটি আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রপ্তানির জন্য বন্ড সুবিধায় উপকরণ আমদানি করে প্রতিষ্ঠানটি ফ্যান তৈরির পর সেগুলো খোলা বাজারে বিক্রি করছে। এর মাধ্যমে তারা আমদানি পর্যায়ে শুল্ক এবং বিক্রি পর্যায়ে মূসক ফাঁকি দিচ্ছে।
কভার্ডভ্যানগুলো ফ্যান নিয়ে ফরিদপুর ও গোপলগঞ্জ যাচ্ছিল বলে জানান উত্তম।
তিনি বলেন, দুই বাহনে কি পরিমাণ ফ্যান রয়েছে তা গণনার কাজ চলছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব ফ্যানের দাম হবে প্রায় দুই কোটি টাকা।
এর আগে গত ৩ এপ্রিল, ২৯ মার্চ ও গতবছর নভেম্বরে শুল্ক গোয়েন্দা বিভাগ একই অভিযোগে বেশ কিছু ফ্যান আটক করে।
