২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক ফাঁকি: চট্টগ্রামে কোটি টাকার ‘ফ্যান’ জব্দ

শুল্ক ও কর ফাঁকির অভিযোগে চট্টগ্রামে প্রায় কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক পাখা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 01:10 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

রোববার ভোরে চট্টগ্রামের আকবর শাহ থানার মাজার এলাকা থেকে পাখাসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোল্ডেন সন লিমিটেড নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পাখা তৈরি করে কুষ্টিয়া নিয়ে যাচ্ছিল।

“রপ্তানির জন্য বন্ড সুবিধায় উপকরণ আমদানি করে প্রতিষ্ঠানটি ফ্যান তৈরি করে দেশের বাজারে বিক্রি করছে। এর মাধ্যমে তারা আমদানি পর্যায়ে শুল্ক এবং ব্যবসায়ী পর্যায়ে মূসক ফাঁকি দিচ্ছে।”

কাভার্ড ভ্যানে পাওয়া চালানপত্রে ৯৫০টি ফ্যানের উল্লেখ রয়েছে, যেগুলোর আনুমানিক দাম এক কোটি টাকা বলে জানান জাকির।

“পাখার সংখ্যা গুণে দেখা হচ্ছে।”

চট্টগ্রামভিত্তিক গোল্ডেন সন দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল খাতের কোম্পানি। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন, আমদানি ও রপ্তানির সঙ্গে জড়িত। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত।

গত মঙ্গলবার রাতেও একই প্রতিষ্ঠানের পাখাভর্তি দুটি ভ্যান আটক করা হয়। এর আগে গত বছরের নভেম্বরেও নয়শ’ পাখাসহ একটি চালান জব্দ করা হয়।

ওই দুই ঘটনায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে বন্ড কমিশনারের কাছে মামলা হয়েছে জানিয়ে জাকির বলেন, রোববারের ঘটনায়ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুরনো খবর:

চট্টগ্রামে দুই কোটি টাকার বৈদ্যুতিক পাখা জব্দ