চট্টগ্রামে ডাকাতির মামলায় ‘যুবদল নেতা’ গ্রেপ্তার
চট্টগ্রামে বায়েজিদ ও অক্সিজেন এলাকা থেকে ডাকাতির অভিযোগে এক যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. তাজউদ্দিন নুরু (৩৮) ও তার সহযোগী আব্দুল কাদের (৪০)।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তারের সময় এক জনের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত ২১ মার্চ দিনে দুপুরে নগরীর অক্সিজেন গুলবাগ আবাসিক এলাকায় ‘বিসমিল্লাহ ম্যানসনের’ দ্বিতীয় তলায় তিনটি বাসায় ডাকাতির সময় স্থানীয়দের পিটুনিতে আহত হয়ে গ্রেপ্তার বাবুল ও সাদেকের জবানবন্দিতে তাজউদ্দিন নুরুর নাম এসেছে।
“পরে শনিবার রাতে অক্সিজেন এলাকা থেকে তাজউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে সঙ্গে নিয়ে বায়েজিদ বোস্তামী সৈয়দ নগর এলাকার শফিক কমিশনার কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে একটি দেশি এলজিসহ কাদেরকে গ্রেপ্তার করা হয়।”
ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের বাসিন্দা তাজউদ্দিন নগরীতে সৈয়দ নগর এলাকায় থাকেন। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও ভুজপুরে ‘শিবিরের নুরু’ হিসেবে পরিচিত বলে জানান মহসিন।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজউদ্দিন জানিয়েছে, কারাগারে থাকার সময় তার সাথে বাবুল ও রনি নামে দুই ডাকাত সদস্যের সঙ্গে পরিচয়ের পর তিনি নিজেও ডাকাতিতে জড়িয়ে পড়েন।
“জবানবন্দিতে বাবুল ও সাদেক জানিয়েছে, তাজউদ্দিন অক্সিজেন এলাকায় ডাকাতির সময় সবকিছু দেখভাল করবে এবং তাদের কেউ আটকাবে না বলে সাহস দিয়েছিল।”
তাজউদ্দিনের পরিকল্পনা অনুযায়ী ২১ মার্চ বিসমিল্লাহ ম্যানসনে তারা ডাকাতি করতে গেলেও তিনি রাস্তায়ই দাঁড়িয়ে ছিলেন বলে জবানবন্দির বরাতে পুলিশ জানিয়েছে।
